আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই মানবতাবিরোধী অপরাধে আটক আটজনের বিচার শেষ হবে। বিচারকাজ ত্বরান্বিত করতে এ মাসেই আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবে।গতকাল শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ ও অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে আইনমন্ত্রী এ কথা বলেন। সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘১২ মার্চ বিএনপির কর্মসূচিতে আমরা বাধা দিতে চাই না। তবে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মসূচি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপ করে বসে থাকবে না।’ তিনি বলেন, বিএনপির কর্মসূচি ভণ্ডুল করতে বিএনপিই যথেষ্ট।আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্তকাজের জন্য বিচারপ্রক্রিয়া শুরু করতে কিছুটা সময় লেগেছে। পর্যায়ক্রমে সারা দেশের সব যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা হবে।আইনমন্ত্রী আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ ত্বরান্বিত করতে চলতি মাসেই আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও আটজনের বিরুদ্ধে তদন্তকাজ চলছে। শিগগির তাদের বিচারের মুখোমুখি করা হবে। বিচারে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ রাখা হয়েছে। কাজেই বিচারের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার চায় না। জামায়াতের পেটে বিএনপি ঢুকে গেছে। বিএনপিও এখন প্রকাশ্যে গোলাম আযমের মুক্তি দাবি করে। তারা যতই ষড়যন্ত্র করুক, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবই। এ বিচার করতে পারলেই মৌলবাদী রাজনীতির চির অবসান ঘটবে।’সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের সভাপতি জাকির আহাম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ।