
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, এ বছরের শেষ নাগাদ আরও প্রায় ১০ লাখ শ্রমিক বিদেশে যাবে। পূর্ববর্তী যেকোনো বছরের তুলনায় এই সংখ্যা হবে বেশি।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। গতকাল শনিবার ব্যুরো কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয়েছে।
মন্ত্রী জনশক্তি বাণিজ্যে প্রতারণামূলক কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকতে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জনগণকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকারি চ্যানেল ব্যবহারে সচেতন করতে আরও বেশি তৎপর হতে কর্মকর্তাদের পরামর্শ দেন।
নুরুল ইসলাম বলেন, এই সচেতনতামূলক প্রচারণা পল্লি এলাকায় বেশি করা উচিত। তিনি বলেন, বর্তমানে ১৫৯টি দেশে বাংলাদেশি শ্রমিকেরা যাচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, বিদেশে আরও বেশি বাংলাদেশি শ্রমিক পাঠাতে নতুন নতুন বাজার খোঁজার প্রচেষ্টা চলছে।