এ বর্ষাতেও দুর্ভোগ যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) গ্রিন রোডে পশ্চিম দিকের ফটকের পাশেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইনবোর্ড। স্পষ্ট নির্দেশ—সামনের দিকে রিকশা যাবে না। কিন্তু অধিকাংশ রিকশাচালকই সেই নির্দেশের তোয়াক্কা করছেন না। দিব্যি রিকশা চালিয়ে কেউ সায়েন্স ল্যাবরেটরি মোড় পার হয়ে সোজা চলে যাচ্ছেন নিউমার্কেটের দিকে, কেউ বাঁয়ে মোড় নিয়ে ঢুকে পড়ছেন নিউ এলিফ্যান্ট রোডে। ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
গতকাল সোমবার দুপুরে দেখা গেল, সায়েন্স ল্যাবরেটরির পশ্চিম ফটকের ফুটপাতের পাশে ঠেলাগাড়ির ওপর সস্তার জুতা-স্যান্ডেলের পসরা সাজিয়ে বসেছেন লোকমান হোসেন। তাঁর পাশেই আম-লিচুর ঝুড়ি নিয়ে ইব্রাহিম ও রইস উদ্দিন। চা-সিগারেটের দোকানি মো. সোহেল। বেশ কিছু রিকশাও থেমে আছে জায়গাটায়। চালকেরা যাত্রী নামিয়ে সংক্ষিপ্ত দম নিচ্ছেন। বেশ মাঝারি আকারের জটলা। আগে এমন ছিল না। ফুটপাতের ব্যবসায়ীরা বললেন, ‘মাস খানেক আগে পুলিশ রাস্তার ওপর নোটিশ বোর্ড বসিয়ে রিকশা চলাচল বন্ধ করে দেয়। ফলে রিকশাগুলো এখানে এসে যাত্রী নামিয়ে দেয়। নতুন যাত্রীর জন্য অপেক্ষা করে। ফলে রীতিমতো রিকশাস্ট্যান্ড হয়ে গেছে। ফুটপাতজুড়ে দোকানপাটও গজিয়ে গেছে। চলে গেছে একেবারে ল্যাবএইড-সংলগ্ন সেন্ট্রাল রোডের প্রান্ত পর্যন্ত। তবে প্রথম দিকে নিউমার্কেটের দিকে রিকশা চলাচল কড়াকড়িভাবে বাধা দেওয়া হলেও দিনে দিনে তা শিথিল হয়ে গেছে। এখন নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক রিকশা চলে যাচ্ছে সামনের দিকে।
এদিকে নিউমার্কেটের দিকে রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় বিকল্প পথ হিসেবে রিকশাচালকেরা সেন্ট্রাল রোডটি ব্যবহার করছেন। ল্যাবএইডের সামনে দিয়ে আইডিয়াল কলেজ হয়ে হাতিরপুল মোড় ঘুরে নিউ এলিফ্যান্ট রোড এবং সামনে গাউছিয়ার দিকে যাচ্ছে রিকশাগুলো। আবার ফিরছেও এই পথে। ফলে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সকাল থেকে অনেকটা রাত পর্যন্ত হরেক রকমের যানবাহনে পুরো সড়কটি প্রায় স্থবির হয়ে থাকে। এর মধ্যে ওয়াসার এডিবি প্রকল্পের নতুন পানির লাইন বসানোর জন্য পুরো সড়কের এক পাশ দিয়ে খোঁড়া হয়েছিল। বালু দিয়ে ভরাট করা গর্তের বালু সরে গিয়ে আবার গর্তের মুখ আলগা হয়ে পড়েছে। চিলড্রেন হোম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল মোড়ে বালু সরে গিয়ে বেশ গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ১০ সেন্ট্রাল রোডের বাসিন্দা মারুফ ইসলাম, বিশাল ফার্মেসির ওষুধ ব্যবসায়ী রতন দাশসহ অনেকে বললেন, একে হঠাৎ করে যানবাহনের চাপ বেড়ে যাওয়া, তারপর রাস্তার খোঁড়াখুঁড়িতে তাঁদের বাসা থেকে বের হয়ে কোথাও যাতায়াত করাটাই এখন দুর্বিষহ যন্ত্রণার কারণ হয়ে পড়েছে। সুমাইয়া রেস্টুরেন্টের ব্যবস্থাপক মামুনুর রশীদ বললেন, ‘কয়েক দিন পরপর আইয়া রাস্তা খুঁড়তাছে আবার বালু দিয়া ভরতাছে। কী পানি খাওয়াইব আল্লায় জানে।’ এই খোঁড়াখুঁড়ি দেখা গেছে ফ্রি স্কুল স্ট্রিট হয়ে কাঁঠালবাগানের দিকেও। ওয়ার্ড কমিশনার হোসেন হায়দার বলেছেন, এডিবি নতুন পানির লাইনের সংযোগ দেওয়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা স্থায়ী মেরামতের টেন্ডার করতে পারছেন না।
ওদিকে সায়েন্স ল্যাব রোড, নিউ এলিফ্যান্ট রোডের পাশ দিয়ে ভূগর্ভস্থ ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মেরামতের জন্য খনন করেছে ডিপিডিসি। গত দুই সপ্তাহ থেকে এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল, সেন্ট্রাল রোড, নর্থ সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সাবেক সোনারগাঁও রোড), পরীবাগসহ এই বিশাল এলাকায় লোডশেডিংয়ের সমস্যা চলছে প্রচণ্ড।
ডিপিডিসির ১৩২/৩৩ কেভি সাব-স্টেশন অ্যান্ড লাইনস প্রকল্প-২-এর নির্বাহী প্রকৌশলী এম এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, সঞ্চালন লাইনের ১৩ থেকে ১৪টি জায়গা নষ্ট হয়ে গেছে।