এ বি এম মূসা আদর্শচ্যুত হননি, ভয় পেয়ে পিছিয়ে যাননি
আপসহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা সাংবাদিক এ বি এম মূসাকে অনন্য উচ্চতায় নিয়েছে। তিনি সাহসের সঙ্গে অকপটে সত্যকে তুলে ধরছেন। নিজে আদর্শচ্যুত হননি, ভয় পেয়ে সত্য প্রকাশে কখনো পিছ পা হওয়ার লোকও তিনি ছিলেন না।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন আয়োজিত এ বি এম মূসার ৮৬ তম জন্মদিন উপলক্ষে ‘আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে ‘এবিএম মূসা আজীবন সম্মাননা’ দেওয়া হয়। শুরুতেই অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ তোয়াব খানকে উত্তরীয় পরিয়ে দেন। আর ক্রেস্ট তুলে দেন এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা।
আজীবন সম্মাননা পাওয়া তোয়াব খান বলেন, মাওলানা আকরম খাঁ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ, মোহাম্মদ মোদাব্বের, কাজী মোহাম্মাদ ইদ্রিসের পথ পরিক্রমায় স্বৈরসামরিক শাসক আইয়ুব খানের যুগে এই বাংলায় সাংবাদিকতায় ত্রিরত্ন—তফাজ্জল হোসেন মানিক মিয়া, জহুর হোসেন চৌধুরী ও আব্দুস সালামের অভ্যুদয়। পরবর্তীকালে আধুনিক সাংবাদিকতার প্রবর্তনে শহীদ সিরাজুদ্দীন হোসেন, এবিএম মূসারা একটি সুস্পষ্ট ধারার সৃষ্টি করেন। বৈরী পরিবেশে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য উপস্থাপনই এই ধারার প্রধান প্রতিপাদ্য।
সংবাদপত্রের চলমান ধারা তুলে ধরে তোয়াব খান বলেন, সংবাদপত্রের অনলাইন সংবাদপত্রেরই অংশ। তবে ব্যক্তি পর্যায়ের সামাজিক মাধ্যমে তথ্যের আদান-প্রদানে বাণিজ্যিক ভিত্তির প্রশ্ন অবান্তর। এ ধরনের তথ্যের একটি বিপজ্জনক দিক হলো সত্য ও ব্যক্তি পর্যবেক্ষণের মধ্যে বিস্তর পার্থক্য থাকতে পারে। তাই সামাজিক মাধ্যম কোনো কোনো সময় ‘নিউজ ব্রেকের’ মতো কিছু সৃষ্টি করতে পারলেও স্থায়ী আস্থা অর্জনে অনেক পথ পাড়ি দিতে হবে।
অনুষ্ঠানে ‘সংবাদপত্রে বাংলা ভাষার প্রয়োগ: প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। তিনি বলেন, বাংলাদেশে এখন যুগসংক্রান্তি চলছে। সংবাদপত্রে (মিডিয়া) এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। যুগের প্রয়োজনে এখন নতুন নতুন সংবাদপত্র (মিডিয়া) সৃষ্টি অনিবার্য হয়ে পড়লেও এ সুযোগ আদর্শবাদী দেশপ্রেমিক নাগরিকেরা খুব কমই নিতে পেরেছেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, এ বি এম মূসার কর্মময় জীবন পাঠ না করলে কেউ সাহসী সাংবাদিক হতে পারবেন না। তিনি অনেক সাংবাদিকের পিতৃতুল্য হলেও মিশতে পেরেছেন বন্ধুর মতো। এটাই ছিল তার বড় গুণ। সবাইকে তিনি খুব আপন করে নিতে পারতেন।
নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, এ বি এম মূসা ছিলেন সাংবাদিকতার শিক্ষক। তিনি রাগ করতেন, কাজের জন্য।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, মানুষ হিসাবে এ বি এম মূসা ছিলেন খুব বড় মাপের।
বিএফইউজের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘মূসা ভাইয়ের মতো একজন সাহসী সাংবাদিক কখনো দেখিনি। যেখানেই তিনি অন্যায় দেখেছেন সেখানেই লড়াই করেছেন। বুড়ো বয়সে তিনি টকশোতে গিয়েছেন মানুষের কথা বলতে। আজকে যারা সাংবাদিকতা করছেন তাদের অনেকেরই ভাষাজ্ঞানও নেই। সমাজের বিত্তশালীদের অনুকম্পা লাভের জন্যই অনেকে সাংবাদিকতা করতে আসেন।’
মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, সাংবাদিকতা থেকে একজন মানুষ জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। খুব কম মানুষই এভাবে উঠে আসতে পারেন। এবিএম মূসা তেমনই একজন। এ দেশের সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন এ বি এম মূসার ভাগনি তানিসা মাহমুদ সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।