এ বি বর্ধনের মৃত্যুতে তিন বাম দলের শোক
ভারতের বিশিষ্ট রাজনীতিক, ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সাবেক সাধারণ সম্পাদক এ বি বর্ধনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল রোববার সংগঠনগুলো আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, ‘প্রয়াত কমরেড এ বি বর্ধন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে উল্লেখযোগ্য অবদান রাখেন। এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’
প্রয়াত এ বি বর্ধন বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। গত শনিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটার দিকে ৯২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বিবৃতিতে বলেন, তিনি ছিলেন শ্রমজীবী মানুষের সংগ্রামের সাথি। তিনি বাংলাদেশের অত্যন্ত সুহৃদ হিসেবে পরিচিত ছিলেন।
এ বি বর্ধনের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও শোকবার্তা পাঠিয়েছেন।