ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তার মা জাহানারা বেগম বলেছেন, ‘আমি এ বিচার মানি না। বাংলাদেশের মানুষ মানে না। আমরা গরিব মানুষ বইলা কি বিচার পামু না? মাইয়ার জন্য বুক হাহাকার করে। রাইতে ঘুমের মধ্যে চটকা উঠি। দ্যাশের মানুষের কাছে অনুরোধ, আমার মরা মাইয়ার জন্য একটু চেষ্টা করবেন। বিচারটা যেন পাই।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেলানীর মা এসব কথা বলেন। এ সময় ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মামা মো. হানিফউদ্দিনও উপস্থিত ছিলেন। তাঁরা দুই দেশের সরকার, জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ফেলানীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাঁইচা থাকতে ফেলানীরে একটা থাপ্পড় মারি নাই। তারে বিএসএফ গুলি করল। আমরা গরিব মানুষ প্যাটের ভোকে (অভাবে) ভারত গেছিলাম। বিয়া দেওনের জন্য আসতে ছিল, হেই জন্য বিএসএফ গুলি কইরা মারব? ভারতের কত মানুষ চুরি কইরা বাংলাদেশে আসে। কই, বিজিবি তো হেগরে কোনো দিন গুলি করে নাই। তারা ক্যান মারে?’
সাংবাদিকদের উদ্দেশে ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে ফেলানী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য আজ আপনাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও ভারত সরকার এবং দুই দেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেদন করছি।’ তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মেয়ে গেছে, তাকে তো আর পাব না। বিচার যেন পাই।’
ফেলানীর বাবা জানান, তিনি গত মঙ্গলবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দুই কর্মকর্তার কাছে লিখিতভাবে ফেলানী হত্যার সুষ্ঠু বিচারের জন্য আবেদনপত্র তুলে দিয়েছেন। পরের দিন বুধবার ডাকযোগে ভারতীয় হাইকমিশনার ও পশ্চিম বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) পরিচালক কিরীটী রায়ের কাছে চিঠি দিয়েছেন।
ফেলানীর মামা হানিফউদ্দিন বলেন, ‘আমরা ভারতের কোচবিহারে সাক্ষ্য দিতে গিয়ে বলেছি, কীভাবে অমিয় ঘোষ গুলি করে ফেলানীকে হত্যা করে। চার ঘণ্টা ঝুলে ছিল। দুই সীমান্তের হাজার হাজার মানুষ দেখেছে। সেই আসামি কেমন করে খালাস পায়?’
২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী তার বাবার সঙ্গে নয়াদিল্লি থেকে বাড়ি ফিরছিল। কোনো বৈধ পাসপোর্ট না থাকায় তাঁরা দালালকে টাকা দিয়ে বাঁশের মইয়ের সাহায্যে ওই দিন ভোরে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হচ্ছিলেন। ফেলানীর বাবা বেড়া পার হতে সক্ষম হলেও ফেলানী পারেনি। সে বিএসএফের গুলিতে নিহত হয়। তার লাশ প্রায় পাঁচ ঘণ্টা কাঁটাতারের বেড়ার ওপর ঝুলে ছিল।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ১৮১ বিএসএফ সদর দপ্তরে বিশেষ আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। ৫ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন ওই আদালত। এই রায় অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রায়ের অনুলিপি পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা রাষ্ট্র হিসেবে ইতিবাচক রায় চাই, যেখানে খুনির সাজা হবে। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। আমরা সেই অপেক্ষায় আছি।’ তিনি বলেন, ক্ষতিপূরণ মূল বিচারের অংশ নয়। সাজা হলে ভারতীয় আইনেই ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পাবে।