এ বিচার মানি না - ফেলানীর মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ও ভারতের সরকার, দুদেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তার মা-বাবা। ছবি: শফি খান, কুড়িগ্রাম
কুড়িগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ও ভারতের সরকার, দুদেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তার মা-বাবা। ছবি: শফি খান, কুড়িগ্রাম

ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তার মা জাহানারা বেগম বলেছেন, ‘আমি এ বিচার মানি না। বাংলাদেশের মানুষ মানে না। আমরা গরিব মানুষ বইলা কি বিচার পামু না। মাইয়ার জন্য বুক হাহাকার করে। রাইতে ঘুমের মধ্যে চটকা উঠি। দ্যাশের মানুষের কাছে অনুরোধ, আমার মরা মাইয়ার জন্য একটু চেষ্টা করবেন। বিচারটা যেন পাই।’

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে ফেলানীর বাবা নুরুল ইসলাম, মা জাহানারা বেগম ও মামা মো. হানিফউদ্দিন সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তাঁরা বাংলাদেশ সরকার, ভারত সরকার, দুই দেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ফেলানীর হত্যার সুষ্ঠু বিচার চান।

ফেলানীর বাবা নুরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজ আপনাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ, ভারত সরকার, দুই দেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেদন করছি আমার মেয়ে ফেলানী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মেয়ে গেছে, তাকে তো আর পাব না। বিচার যেন পাই।’

ফেলানীর বাবা আরও জানান, তিনি গত মঙ্গলবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দুই কর্মকর্তার কাছে লিখিতভাবে ফেলানী হত্যার বিচারের জন্য আবেদনপত্র তুলে দিয়েছেন। গতকাল বুধবার ডাকযোগে ভারতীয় হাইকমিশনার ও পশ্চিম বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) পরিচালক কিরিটি রায়ের কাছে তিনি চিঠি দিয়েছেন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও ভারতের সরকার, জনগণ এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে হত্যাকাণ্ডের বিচার চাইলেন।

কুড়িগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ও ভারতের সরকার, দুদেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তার মা-বাবা। ছবি: শফি খান, কুড়িগ্রাম
কুড়িগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ও ভারতের সরকার, দুদেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তার মা-বাবা। ছবি: শফি খান, কুড়িগ্রাম

২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী  বাবার সঙ্গে নয়াদিল্লি থেকে বাড়ি ফিরছিল। কোনো বৈধ পাসপোর্ট না থাকায় তাঁরা দালালকে টাকা দিয়ে বাঁশের মইয়ের সাহায্যে ওই দিন ভোরে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হচ্ছিল। ফেলানীর বাবা কাঁটাতারের বেড়া পার হতে সক্ষম হলেও ফেলানী পারেনি। সে বিএসএফের গুলিতে নিহত হয়। তার লাশ প্রায় পাঁচ ঘণ্টা কাঁটাতারের বেড়ার ওপরই ঝুলে ছিল। এ ঘটনার পর বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কড়া প্রতিবাদ ওঠে দেশ-বিদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে। পরে গত ৭ আগস্ট রায়ে অভিযুক্ত অমিয়  ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়।