এ বিজয় বাংলাদেশের: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সংবাদ ব্রিফিংয়ে শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরী
গতকাল সংবাদ ব্রিফিংয়ে শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার সর্বোচ্চ দুটি সংগঠনের নেতৃত্বের দায়িত্ব বাংলাদেশকে দিয়ে বাংলাদেশের সরকার, গণতন্ত্র ও সংসদের প্রতি আস্থা প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। এ বিজয় বাংলাদেশের।
শিরীন শারমিন গতকাল মঙ্গলবার বিকেলে দেশে ফিরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি ৯ অক্টোবর ক্যামেরুনের ইয়াওউন্দেতে অনুষ্ঠিত নির্বাচনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় নির্বাচনে সাংসদ সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হন।
গতকাল সকালে দেশে ফেরেন সাবের চৌধুরী। বিকেলে ভারত থেকে দেশে ফেরেন স্পিকার। তাঁর অনুরোধে ব্রিফিংয়ে যোগ দেন সাবের চৌধুরী।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাবের চৌধুরী বলেন, বিশ্বের ১৯২ দেশে সংসদ কার্যকর আছে। এর মধ্যে আইপিইউ ও সিপিএতে ১৮৫টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে। বাংলাদেশ এখন এসব দেশকে নেতৃত্ব দিচ্ছে। এ অর্জনের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। পররাষ্ট্রনীতির মাধ্যমে এ সুযোগ কাজে লাগালে বাংলাদেশ লাভবান হবে।
স্পিকার বলেন, আইপিইউ ও সিপিএ গণতন্ত্র সুসংহত করা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার বিষয়ে কাজ করবে। এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন সুসংহত হবে। ৫ জানুয়ারির একতরফা নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে সংকট আছে বলে আমি মনে করি না। সংকট থাকলে বড় দুটি সংগঠনের নির্বাচনে জেতা সম্ভব হতো না।’
শিরীন শারমিন ও সাবের চৌধুরী নির্বাচনে সম্মতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুটি নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার জন্য সাংসদ রফিকুল ইসলাম, ইমরান আহমদ, সাগুফতা ইয়াসমীনসহ অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।