এ মাসে তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণ করে সিলেকশন গ্রেড বহাল ও শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামো প্রবর্তন করাসহ চার দফা দাবিতে চলতি মাসে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা তাঁরা এই কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতির পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, আগামী ৫ সেপ্টেম্বর সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ফেডারেশনের যৌথ সভা করে আন্দোলন ও দাবি আদায়ে তাঁদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হবে। ওই দিন ফেডারেশনের কার্যনির্বাহী সভার মাধ্যমে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মবিরতি চলাকালে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ঘণ্টা ক্লাস হয়নি। তবে সবগুলো পরীক্ষা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, শিক্ষকেরা কর্মবিরতির সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন, মো. সেলিম, কাজী সাইফুদ্দীন প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। শিক্ষক সমিতির সভাপতি মো. খবির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাফরুহী সাত্তার, এ টি এম আতিকুর রহমান, মো. শাসছুল আলম, উজ্জ্বল কুমার, মো. শরীফ উদ্দিন প্রমুখ।
শিক্ষকদের অন্য দাবিগুলো হলো আলাদা বেতনকাঠামো হওয়ার আগ পর্যন্ত প্রস্তাবিত অষ্টম বেতনকাঠামোতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বৈষম্য দূর করা এবং রাষ্ট্রীয় ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’-এ পদমর্যাদাগত অবস্থান ও সুবিধা নিশ্চিত করা।
একই দাবিতে এর আগে ১৬ ও ২৩ আগস্ট দুই দফা কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এ ছাড়া ৮ জুন একই কর্মসূচি পালন করেন তাঁরা।