এ মাসে বেশি বৃষ্টি হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
গত শনিবার মধ্যরাত থেকেই হালকা শীত আর ঝিরঝির বৃষ্টি। দুপুরেও আকাশ ছিল মেঘে ঢাকা আর থেমে থেমে বৃষ্টি। বিকেলে বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়ে যোগ হয় দমকা হাওয়া। মৌসুমি বায়ু চলে গেলেও হঠাৎ করে এই বৃষ্টিতে হকচকিয়ে যায় নগরবাসী। অফিস শেষে রাস্তায় নেমে অনেকে বৃষ্টিভেজা শীতের আমেজ মাথায় নিয়ে বাসায় ফেরেন।আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মাসের প্রায় প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকতে পারে।আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় ‘নিলম’ বঙ্গোপসগার থেকে ভারতের তামিলনাড়ু ভূখণ্ডে এসে আছড়ে পড়ার প্রতিক্রিয়া হিসেবে এই বৃষ্টি হয়েছে। গতকাল ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র ও ওডিশার ভূখণ্ডে এসে নিম্নচাপে পরিণত হয়। আর এর প্রভাবে গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় আকাশ ছিল মেঘলা।