এ মাসে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে
এ মাসের প্রথম দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর মাঝামাঝি সময়ের পর হতে পারে বজ্রপাতসহ ঝড়। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তর তিন মাসের জন আবহাওয়ার পূর্বাভাস দেয়। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। মাসের প্রথম দিকে নদ-নদী অববাহিকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, ঋতুচক্রের স্বাভাবিক নিয়মে আস্তে আস্তে সূর্য নিরক্ষ রেখা থেকে দূরতম অবস্থানে চলে যাবে। এর ফলে বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় ভূপৃষ্ঠ বেশি সময় ধরে সূর্যের আলো পাবে। এতে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল ক্রমান্বয়ে উত্তপ্ত হবে।
গত জানুয়ারি মাসে আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারি মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত ১৮ দশমিক ৯ শতাংশ কম হয়েছে। গত মাসে দেশে দুটি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে দিনের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা গতকালের মতোই অর্থাৎ অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস।