এ মাসে স্বাভাবিক বন্যা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে বন্যা হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি নিম্নচাপ। আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়াবিদ ও পানি বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই বন্যা স্বাভাবিক হওয়ারই সম্ভাবনা। এতে সিলেট বিভাগ, শেরপুর ও ময়মনসিংহ জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে। আগামী এক সপ্তাহে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বৃষ্টিপাত ও পানির প্রবাহ বাড়লে বন্যার তীব্রতাও বাড়তে পারে। সে ক্ষেত্রে জামালপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায়ও বন্যা বিস্তৃত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সেলিম ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত দেশের ভেতরে ও উজানের প্রধান প্রধান নদীগুলোর অববাহিকায় স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে বড় বন্যার আশঙ্কা নেই। তবে বৃষ্টিপাত বাড়লে উজান থেকে আসা পানি বন্যার তীব্রতা বাড়িয়ে দিতে পারে। ওই কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা ও কংস নদের পানি বিপৎসীমার ২৫ থেকে ৪০ সেন্টিমিটার উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা নদীর পানি প্রতিদিনই বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও বাড়তে পারে।পানি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ বেশি বৃষ্টিপাত হলে পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পানি একযোগে বেড়ে বড় ধরনের বন্যার সৃষ্টি হয়ে থাকে। দেশে বড় বন্যা হবে কি না, তা নির্ভর করবে চলতি মাসের বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হবে কি না, তার ওপর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের উজানে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। দেশের অভ্যন্তরে মৌসুমি বায়ু শক্তিশালীভাবে সক্রিয় রয়েছে। ফলে এ সময় দেশেও স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত জুন মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ১০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। গত মাসের মতো চলতি মাসেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া বিভাগের চলতি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়সংলগ্ন পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশের উত্তরাংশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।