এ মাসে স্বাভাবিক বৃষ্টি, কালবৈশাখী ও ঘূর্ণিঝড় হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল মার্চ মাসে দেশে বৃষ্টি হয়েছে খুব কম। স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগ। ফলে গরম ও শুষ্কতা বেড়েছে। তবে চলতি এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। নদনদীতে থাকবে স্বাভাবিক প্রবাহ। এ ছাড়া দু-তিন দিন কালবৈশাখী, বজ্রঝড় ও একটি ঘূর্ণিঝড় হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনা ও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত মাসিক সভা গতকাল সোমবার অধিদপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় গেল মার্চ মাসের আবহাওয়া-পরিস্থিতি পর্যালোচনা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বলা হয়, দেশের দু-একটি জায়গায় দু-তিন দিন কালবৈশাখীসহ শিলাবৃষ্টি হলেও মার্চ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হয়েছে ৬১ দশমিক ২ শতাংশ। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পুবালি লঘুচাপের সংযোগ না হওয়াই এই অবস্থার কারণ। মার্চ মাসের শেষ সপ্তাহে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে (২৯ মার্চ, যশোর)।তবে চলতি এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে সভা থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি এ মাসে বঙ্গোপসাগরে দু-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। একই সঙ্গে এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে দু-তিন দিন বজ্রসহ মাঝারি ও তীব্র মাত্রার কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। দেশের অন্যত্র তিন-চার দিন হালকা থেকে মাঝারি মাত্রার কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর পাশাপাশি উত্তর ও মধ্যাঞ্চলে একটি বা দুটি তীব্র তাপপ্রবাহ (তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি) এবং দেশের অন্যত্র দু-তিনটি মৃদু (তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি) অথবা মাঝারি মাত্রার (তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও বিশেষজ্ঞ কমিটির পূর্বাভাসে বলা হয়েছে।