এ মাসেই অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অষ্টম ওয়েজবোর্ড চলতি জুন মাসের ভেতরেই ঘোষণা করা হবে। এ মাসের বাকি আট দিন অনেক সময়। এর মধ্যে এভারেষ্ট জয় করা যায়, অষ্টম ওয়েজবোর্ডও ঘোষণা করা যাবে।’
আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ইউপি চেয়ারম্যানদের নিয়ে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি-ইউডিসিসি গঠন ও কার্যাবলি-সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় সংসদে সাংসদেরা একে অপরের বিরুদ্ধে কুত্সা রটানো প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘কুত্সা রটানোর রাজনীতি সামরিক স্বৈরশাসনকালীন রাজনীতিরই ধারাবাহিকতা। এ থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে।’ তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছ ও গণতন্ত্রের চর্চা করতে হলে মতের বিতর্ক হতে পারে। কোনো নেতা-নেত্রী কত খারাপ এবং তাঁদের ব্যক্তিগত ইতিহাস কী, সেটা নিয়ে কোনো তর্ক-বিতর্কে লিপ্ত হওয়া উচিত নয়।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ কুষ্টিয়ার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।