এ মাসেই চুক্তি অনুস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ‘ফাস্ট ট্র্যাক’ কর্মসূচিভুক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি প্রকল্পের প্রধান অনুষঙ্গ—ভাসমান টার্মিনাল ও পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের চুক্তি অনুস্বাক্ষর হতে পারে চলতি মে মাসের মধ্যেই।

গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে বিভিন্ন শর্ত নিয়ে সম্ভাব্য ঠিকাদার প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি-এস্ট্রাওওলের সঙ্গে পেট্রোবাংলার বিস্তারিত আলোচনার পর এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

তবে প্রকল্পের কাজ শুরু করার আগে ‘জিও-টেকনিক্যাল’ জরিপ করার ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) গ্যাস পাইপলাইনে সরবরাহের জন্য তাদের দিতে হবে দশমিক ৪৪ মার্কিন ডলার।

জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, আলোচনার মাধ্যমে ঠিকাদারের সঙ্গে অনেক বিষয়ে মতভেদ ন্যূনতম পর্যায়ে চলে এসেছে। চলতি মাসের মধ্যেই আরও দুই দফা আলোচনার পর চুক্তি অনুস্বাক্ষর হবে। সবকিছু ঠিক থাকলে এ বছরের মধ্যে চূড়ান্ত চুক্তি সই ও টার্মিনাল স্থাপনের কাজ শুরু করা হবে। সরকার ২০১৬ সালের এপ্রিলে এলএনজি সরবরাহ শুরুর লক্ষ্য নির্ধারণ করে অগ্রসর হচ্ছে।

তবে মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার এই লক্ষ্য নির্ধারণ করলেও এলএনজির উত্স, অর্থাত্ কোত্থেকে আমদানি করা যাবে, তা এখনো নিশ্চিত নয়। ২০১১ সালের জানুয়ারিতে কাতার সরকারের সঙ্গে মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল। এতে সেখান থেকে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ (বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন) এলএনজি আমদানির কথা ছিল।

কিন্তু অনেক আগেই ওই এমওইউর মেয়াদ বাড়ানো দরকার ছিল। সে উদ্যোগ নেওয়া হলেও এখনো মেয়াদ বাড়ানো হয়নি।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার বিশেষ আইনের আশ্রয় নেবে। বিদ্যুত্ ও জ্বালানির দ্রুত সরবরাহ নিশ্চিত করতে ২০১০ সালে জাতীয় সংসদে ওই আইন পাস হয়। ওই আইনে প্রচলিত সরকারি ক্রয়ের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ না করে আগ্রহী কোম্পানির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিধান রয়েছে।

গত পাঁচ বছরে গ্যাস উত্তোলন প্রায় ৯০ কোটি (৯০০ মিলিয়ন) ঘনফুট বাড়ানোর পরও ক্রমবর্ধমান চাহিদা পূরণ না হওয়ায় সরকার দ্রুত এলএনজি আমদানির জন্য আইনটি প্রয়োগ করতে চাচ্ছে। তবে মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপনের সময়সাপেক্ষ ও ব্যয়বহুল কাজটিও পড়ে আছে।