এ মাসেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে নির্মিত ২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে এ মাসেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে। কেন্দ্রটি এ জন্য পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করেছে। নির্দেশনা পেলেই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে কেন্দ্রটি। কেন্দ্র পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গ্যাস-সংযোগ না পাওয়ায় ফার্নেস অয়েল দিয়েই বিদ্যুৎ উৎপাদন করছে কেন্দ্রটি। উৎপাদিত বিদ্যুতের অধিকাংশই ব্যবহার করা হবে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায়। এতে লোডশেডিং কমবে তিন উপজেলায়। এলাকাবাসী জানান, রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের নোয়াপাড়ায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। রুয়াল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। রুয়াল পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) মাহাবুব আলম জানান, লোডশেডিং কমাতে সরকার উপজেলা পর্যায়ে ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে রাউজানে ২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক হুমায়ুন কবির জানান, ২০১২ সালের জানুয়ারি মাসে কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। পরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা হয়। কিন্তু মালিকেরা জমি দিতে অস্বীকার করায় এবং আদালতে মামলা করায় কেন্দ্রটির নির্মাণকাজ পিছিয়ে যায়। পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্যবস্থাপক প্রদীপ কুমার দে বলেন, গ্যাস-সংকট বিবেচনায় রেখে বিদ্যুৎকেন্দ্রটি ফার্নেস অয়েল দিয়ে চালানোর ব্যবস্থা রাখা হয়। ফলে কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। প্রকল্প পরিচালক জিন্নাত আলী বলেন, ফার্নেস অয়েল দিয়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনকাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে সবুজসংকেত পেলেই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে, যা এ মাসেই হচ্ছে।