এ মাসেই ডেসটিনির দুটি মামলার অভিযোগ গঠনের আদেশ ও প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচারসংক্রান্ত দুটি মামলার অভিযোগ গঠনের বিষয়ে বিচারিক আদালতকে আদেশ দিয়ে ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। ঢাকার মহানগর আদালতকে এ বিষয়ে ২৪ আগস্টের মধ্যে আদেশ দিতে এবং ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। প্রথম আলোকে তিনি বলেন, ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচারসংক্রান্ত দুটি মামলা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন রয়েছে। মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির জন্য দীর্ঘদিন ধরে তারিখ পড়ে চলেছে। এ ব্যাপারে বিচারক কামরুল হোসেন মোল্লার কাছে লিখিত জবাব চান হাইকোর্ট। ১১ আগস্ট বিচারক হাইকোর্টে লিখিত জবাব দেন। তবে হাইকোর্ট ওই জবাবে সন্তুষ্ট না হওয়ায় ২৪ আগস্টের মধ্যে বিচারিক আদালতে এ বিষয়ে আদেশ দিয়ে ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্তাব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২২ মাস পর ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫১ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং তার মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।