এ মাসেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল
চলতি মাসের ২০ তারিখের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার ছহুল হোসাইন গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।ছহুল হোসাইন বলেন, গত ৩ মে নারায়ণগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসেবে আগামী ২ নভেম্বর ১৮০ দিন শেষ হবে। এ সময়ের মধ্যে নির্বাচন করতে হলে এ মাসেই তফসিল ঘোষণা করতে হবে। তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়নি। দু-তিন দিনের মধ্যে সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।গত ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করে সরকার। করপোরেশন এলাকার ওয়ার্ডের সীমানাসংক্রান্ত গেজেটও সম্প্রতি চূড়ান্ত হয়েছে। গেজেটটি সরকারি ছাপাখানায় ছাপানোর কাজ চলছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।এদিকে তফসিল ঘোষণার আগেই মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। তাঁরা নানা কৌশলে প্রচার চালাচ্ছেন।আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে সদ্য বিলুপ্ত পৌরসভার মেয়র সেলিনা হায়া ৎ আইভি ও সাবেক সাংসদ শামীম ওসমান গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। আর বিএনপি থেকে দলটির জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাবেক সাংসদ আবুল কালাম মাঠে নেমেছেন।