এ মাসেই রোহিঙ্গাদের এক জায়গায় আনার আশা

এ মাসের মধ্যেই সব রোহিঙ্গাকে এক জায়গায় নিয়ে আসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বলেন, সরকারের পরিকল্পনা হলো মিয়ানমার থেকে আসা নতুন ও পুরোনো রোহিঙ্গা সবাইকে উখিয়ার কুতুপালংয়ে এক শিবিরে নিয়ে আসা। ইতিমধ্যে অন্য জায়গায় থাকা দুটি ক্যাম্পের রোহিঙ্গাদের এখানে নিয়ে আসা হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ত্রাণমন্ত্রী বলেন, তাদের লক্ষ্য ছিল এ মাসের ১৫ তারিখের মধ্যে এ সংক্রান্ত কাজ সম্পন্ন করা। কিন্তু বৃষ্টিসহ কিছু কারণে আরও কয়েক দিন সময় লাগবে।
অনুষ্ঠানে ইউনিসেফের পক্ষ থেকে সেখানে প্রায় ১০ হাজার শৌচাগার করে দেওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের যুগ্ম সচিব হাবিবুল কবির। ইউনিসেফের পক্ষে সই করেন কান্ট্রি ডিরেক্টর এডওয়ার্ড বেগবেদার। এ জন্য মোট ১১ কোটি ৮০ লাখ টাকা দেবে সংস্থাটি।
ত্রাণমন্ত্রী বলেন, কুতুপালংয়ে ৩৫ থেকে ৪০ হাজার শৌচাগার প্রয়োজন। ইতিমধ্যে ৭ হাজার ৮শ ৪৯টি তৈরি করেছে সরকার। ১০ হাজার শৌচাগার তৈরি করে দেবে ইউনিসেফ। আর বাকিগুলো অন্যান্য সংস্থা করে দেবে বলে তারা আশা প্রকাশ করেন।