এ মাসেই শ্রম আইনের বিধি জারি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইন সংশোধনের পর প্রথমবারের মতো দেশের প্রায় সবগুলো শিল্পকে অন্তর্ভুক্ত করে একটি খসড়া বিধিমালা করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের পর ঘোষিত সময়সীমার মধ্যে বিধিমালা চূড়ান্ত করার ব্যাপারে আশাবাদী সরকার। চলতি মাসের মধ্যে শ্রম আইনের বিধিমালা চূড়ান্ত করার ব্যাপারে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অঙ্গীকার করেছে।
রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তার উন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ পদক্ষেপগুলো বাংলাদেশের পোশাক রপ্তানির বড় বাজার ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু শ্রম মান ও কর্মপরিবেশের উন্নতিতে অনেক উদ্যোগ নেওয়া হলেও বিধিমালার অভাবে শ্রম আইনের বাস্তবায়ন হচ্ছে না। বারবার প্রতিশ্রুতি দিয়েও সরকার বিধিমালা জারিতে ব্যর্থ হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, শ্রম মন্ত্রণালয় দুই সপ্তাহ আগে শ্রম আইনের খসড়া বিধিমালা আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠিয়েছে। এতে দেশের প্রায় সবগুলো শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো এ ধরনের একটি কাজ হচ্ছে বলে অত্যন্ত সতর্কতার সঙ্গে আইনের সঙ্গে মিলিয়ে বিধিমালা চূড়ান্ত করতে হবে। আশা করছি, ৩১ জুলাইয়ের প্রতিশ্রুত সময়ের মধ্যে এটি করা হবে।
প্রসঙ্গত, ৩০ জুনের মধ্যে বিধিমালা চূড়ান্ত করার কথা ছিল। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জুনের মাঝামাঝিতে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন-সহায়তা মন্ত্রী লেলিয়েন হাইমেনের সফরের সময় জানান, ৩০ জুন নয়, ৩০ জুলাইয়ের মধ্যে বিধিমালা চূড়ান্ত করা হবে। বিধিমালা জারি নিয়ে সরকারের এই দীর্ঘসূত্রতা বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে অসন্তুষ্ট করছে। আবার এ কারণে কারখানার সামগ্রিক উন্নয়নে বাংলাদেশে আইএলওর ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ চালু হচ্ছে না।
আইএলওর ঢাকা দপ্তরের কর্মকর্তারাও জানান, শ্রম আইনের বিধিমালা জারি না হলে বাংলাদেশে ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ চালু করা যাবে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, শ্রম আইনে নিরাপত্তা কমিটি ও অংশীদারত্ব কমিটির কথা বলা আছে। কিন্তু কমিটি কীভাবে গঠন করা হবে ও কীভাবে কাজ করবে সেটি আইনে বলা নেই, বলা থাকবে বিধিমালায়। বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) অর্থায়নে শুরুতে বাংলাদেশের ৩০০টি কারখানায় এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।