এ মাসেই ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, এ মাসেই ২২ হাজার বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সরকারীকরণের গেজেট নোটিফিকেশন এবং ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ প্রক্রিয়া শেষ হলে এ সরকারের মেয়াদে প্রায় ৯৩ হাজার শিক্ষক নিয়োগ হয়ে যাবে। অবশিষ্ট চার হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের গেজেট হবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। ২০১২-১৩ অর্থবছরে এক-তৃতীয়াংশ স্কুলে দপ্তরি কাম নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে আরও এক-তৃতীয়াংশ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি তথা নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে। গতকাল শনিবার সকালে কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ‘মা সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এসব কথা বলেন। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাংসদ সিমিন হোসেন রিমি, সাংসদ জাহানারা বেগম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আকতার হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ কাদের সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালবিকা ভৌমিক প্রমুখ।