এ মাসের মধ্যেই পদ্মা সেতুর কার্যাদেশ: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুন মাসের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে পদ্মা সেতুর নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হবে। বর্তমানে দেশে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে কোনো সমস্যা হবে না।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গাড়াবাড়িতে সড়ক ও জনপথ বিভাগের আওতায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন ও মুগবেলাই কাটাখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এ বছরের ডিসেম্বরেই আগামী প্রজন্মের প্রকল্প ঢাকা মেট্রো রেলের দরপত্র আহ্বান করা হবে। ২২ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করবে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৫৪ কিলোমিটার জায়গা গণপূর্ত ও রাজউকের কাছ থেকে বুঝে পাওয়া গেছে। এরমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে।


মন্ত্রী বলেন, অপকর্মের হোতাদের আওয়ামী লীগে কোনো স্থান নেই। তাদের দল থেকে বের করে দেওয়া হবে। এসব অপকর্মের হোতাদের দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগের ঐতিহ্যের ধারা ফিরিয়ে আনা হবে। মন্ত্রী বলেন, মঙ্গা এখন জাদুঘরে চলে গেছে। খুব শিগগিরই দরিদ্রকেও জাদুঘরে পাঠানো হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রীর সঙ্গে এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরী, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।