এ মুহূর্তে গোলাম আযমকে গ্রেপ্তার করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তার করতে সরকারের কাছে দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের সংগঠনটির সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে খন্দকার বলেন, ‘আমরা চাই, এ মুহূর্তে সরকার গোলাম আযমকে গ্রেপ্তার করুক। আমাদের বিশ্বাস, যত শিগগির সম্ভব সরকার তাঁকে গ্রেপ্তার করবে।’আরেক প্রশ্নের জবাবে এ কে খন্দকার বলেন, ‘যে বা যাঁরা ট্রাইব্যুনাল বন্ধের দাবি করেন, পুরো জাতি তাঁদের ঘৃণা করে। আমরা মনে করি, যুদ্ধাপরাধের বিচার হবে এবং সব অপরাধী ন্যায্য শাস্তি পাবে।’সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরাম একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়ার প্রতি জোর সমর্থন জানায়। লিখিত বক্তব্যে ‘ট্রাইব্যুনালের বিরুদ্ধে বিরোধী দলের প্রকাশ্য অবস্থান’ এবং ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধের দাবির প্রতিবাদ জানানো হয়।সংগঠনের যুগ্ম মহাসচিব হারুণ হাবীবের পাঠ করা লিখিত বক্তব্যে বলা হয়, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য পরিচালনা করার কাজে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে দক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে চলেছে। এ বিচার-প্রক্রিয়া আন্তর্জাতিক মানসম্পন্ন। বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা একটি রাজনৈতিক দুরভিসন্ধিমাত্র।’যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে এ কে খন্দকার বলেন, ‘শর্ত দিলেই যে মেনে নিতে হবে বা তাঁর জন্য আমরা অস্থির হয়ে যাব, এর কোনো কারণ নেই। তাঁর শর্ত আমরা বিন্দুমাত্র গুরুত্ব দিই না।’ সালাউদ্দিন কাদের চৌধুরী সম্প্রতি ট্রাইব্যুনালে সাতটি শর্ত দিয়ে বলেছেন, এগুলো পূরণ না হলে তিনি আদালতের বিচারকাজে অংশ নেবেন না।ফোরামের সভাপতি এ কে খন্দকার আরও বলেন, তাঁদের সংগঠন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি করে আসছে। সরকারও বিষয়টি চিন্তা করছে। তিনি বলেন, ‘যে পর্যন্ত না শেষ অপরাধীটির বিচার হয়, সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’ এ দাবিতে ১৪ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে মানববন্ধন, বিজয় দিবসে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিখা চিরন্তন এলাকায় অনুষ্ঠানের ঘোষণা দেয় ফোরাম।নতুন কমিটি: ৩ ডিসেম্বর অনুষ্ঠিত ফোরামের জাতীয় সম্মেলনে নির্বাচিত ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ২০১৪ সাল পর্যন্ত কাজ করবে।নতুন কমিটির সভাপতি এ কে খন্দকার বীর উত্তম, সভাপতিমণ্ডলীর সদস্য কে এম শফিউল্লাহ বীর উত্তম, সি আর দত্ত বীর উত্তম, আবু ওসমান চৌধুরী, রফিকুল ইসলাম বীর উত্তম, সহসভাপতি কর্নেল (অব.) শামসুল আলম, সাবেক সচিব সৈয়দ রেজাউল হায়াৎ, সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, স্থপতি মোবাশ্বের আলী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং মুক্তিযোদ্ধা-চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ।সংগঠনের মহাসচিব হয়েছেন লে. জেনারেল এম হারুন অর রশীদ (অব.) বীর প্রতীক, যুগ্ম মহাসচিব সাংবাদিক হারুণ হাবীব, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, কোষাধ্যক্ষ মেজর জেনারেল মোহাম্মদ শাহজাহান (অব.) ও সাংগঠনিক সম্পাদক সাবেক অতিরিক্ত আইজিপি মো. নুরুল আলম।