দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলে গতকাল সোমবার সকালে ২০১৫-১৬ মৌসুমের জন্য আখমাড়াই শেষ হয়েছে।
ওই চিনিকল কর্তৃপক্ষের দাবি, এবার তাদের প্রায় ৪৫ কোটি টাকা লোকসান হবে। তবে গত মৌসুমে এ চিনিকলের লোকসান হয়েছিল প্রায় ৪২ কোটি টাকা।
সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৩ হাজার ৫০ একর জমি থেকে ৪২ হাজার মেট্রিক টন আখ পাওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আখের গুণগত মান ভালো থাকায় পাওয়া যায় ৪৪ হাজার ৭৬৪ মেট্রিক টন। পরে এসব আখ থেকে ৩ হাজার ১৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে গত ২৫ ডিসেম্বর এ চিনিকলে আখমাড়াইয়ের কাজ শুরু হয়। মাঝখানে ১১৪ ঘণ্টা (প্রায় পাঁচ দিন) আখমাড়াই বন্ধ ছিল। সর্বশেষ গতকাল সকাল সোয়া ছয়টায় এ মৌসুমের জন্য আখমাড়াই শেষ করা হয়। এসব আখ থেকে ২ হাজার ৬২৯ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে।
ওই চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত দুই বছরের তুলনায় এবার গড় মাড়াই বেশি হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ প্রাপ্তি ও আহরণের হার বেশি থাকায় চিনিকলটি বন্ধও থেকেছে কম। ভবিষ্যতে আখের আবাদ বাড়িয়ে মাড়াই লক্ষ্যমাত্রা ১২০ মেট্রিক টন হলে ও চিনি আহরণের হার ৭ দশমিক ৫০ হলে চিনিকলটিতে লাভের আশা করা যেতে পারে।
গতকাল এ চিনিকলে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদ উল্লাহ’র সঙ্গে। এ সময় এমডি মো. শহিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এবার লোকসানের পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা হবে। তবে সর্বশেষ পরিসংখ্যান দেখে প্রকৃত লোকসানের পরিমাণ নিরূপণ করা যাবে।’
প্রসঙ্গত, ২০১৪-১৫ আখমাড়াই মৌসুমে এ চিনিকলে ৪০ হাজার ৫৫০ মেট্রিক টন আখমাড়াই করে ২ হাজার ৩৪৮ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল। সেবার চিনি আহরণের হার ছিল ৫ দশমিক ৭৪ শতাংশ। তবে গত মৌসুমে আখ সরবরাহসহ বিভিন্ন কারণে চিনিকলটি বন্ধ থেকেছিল ১৫৮ ঘণ্টা (প্রায় সাত দিন)। এ ছাড়া গত মৌসুমে এ চিনিকলের লোকসান হয়েছিল প্রায় ৪২ কোটি টাকা।