এ যুগের বায়েজিদ বোস্তামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতবর্ষী ঊষা রানী মজুমদার বার্ধক্যজনিত কারণে চলাফেলা করতে পারেন না। প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় আট কিলোমিটার পথ পায়ে হেঁটে চিকিৎসকের কাছে যেতে হয়। গত সাত বছর ধরে এই মাকে বাঁশের ডালায় তুলে মাথায় করে চিকিৎসকের কাছে নেওয়ার কাজটি করছেন ছেলে বীরেন্দ্র নাথ মজুমদার।
বীরেনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামে। পাশের পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অসুস্থ মাকে নিয়ে তিনি প্রায়ই আসেন। বীরেন বলেন, ‘সৃষ্টিকর্তার পরে মায়ের স্থান। মায়ের সেবা করতে পারা পূণ্যের কাজ। আমি মায়ের সেবা করার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করি।’
বীরেন জানান, বড় ভাই শ্যামলাল মজুমদার অসুস্থ। একান্নবর্তী পরিবারে বড় ভাইয়ের সঙ্গে মাকে নিয়ে থাকেন তিনি। দিনমজুরের কাজ করে আয় থেকে সংসার চলে। প্রতিদিন সকালে মাকে খাইয়ে কাজে যান। দুপুরে বাড়ি ফিরে মাকে স্নান করিয়ে খাবার খাইয়ে নিজে খাবার খান। আগে তাঁর মা হেঁটেই স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারতেন। বছর সাতেক হলো তিনি অপারগ।
২০১৩ সালে বীরেন মাকে ডালায় তুলে মাথায় করে চিকিৎসার জন্য জিয়ানগরে এসেছিলেন। ওই সময় জিয়ানগর উপজেলার সাংবাদিক আহাদুল ইসলাম একটি ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তা পোস্ট করেন। ওই ছবিটি তখন দেশ-বিদেশে সাড়া ফেলে দেয়। বীরেনের মাতৃসেবার কথা জেনে ২০১৪ সালে ৩১ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে একটি প্রতিবেদন প্রচার করা হয়। বীরেনকে এক লাখ টাকা সহায়তাও দেয়।
বীরেনের বড় ভাইয়ের স্ত্রী আরতি রানী মজুমদার বলেন, ‘মায়ের সেবা করতে গিয়ে বীরেন বিয়ে সংসার কিছুই করেনি। আমরা তাকে বিয়ের কথা বললে সে বলে, “বিয়ে করলে সংসারে সময় দিতে হবে। এতে মায়ের সেবার ক্ষতি হবে।”’
প্রতিবেশী সুজন হালদার বলেন, ‘মায়ের সেবা করায় গ্রামের সব লোকজন বীরেনকে শ্রদ্ধা করেন। বীরেন এ যুগের বায়েজীদ বোস্তামী।’
পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা রবীন্দ্রনাথ দাস বলেন, বীরেনের মা উচ্চ রক্তচাপের রোগী। বার্ধক্যের কারণে তাঁকে বীরেন প্রায়ই বাঁশের ডালায় করে মাথায় তুলে আমার কাছে নিয়ে আসেন।
বীরেনের মা ঊষা রানী মজুমদার বলেন, ‘বীরেন আমারে সব সময় আগলে রাখে। বর্ষায় ঘরের চাল দিয়া পানি পড়লে বীরেন আমার বিছানার ওপর পলিথিন টানিয়ে সারা রাত বসে থাকে। এমন ছেলে যেন ঘরে ঘরে জন্ম নেয়, ঠাকুরের কাছে এ প্রার্থনাই করি।’