এ যেন অচেনা সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ ফুটের বে​শি চওড়া এই সড়কটি দিনের পর দিন ট্রাকচালকদের দখলে ছিল। রাজধানীর তেজগাঁও লিংক রোড দখল করে রাখা ট্রাকস্ট্যান্ডটি গত রোববার উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল রাস্তার ওপর থেকে সব ট্রাক ও কার্ভাড ভ্যান সরিয়ে নেন মালিক ও চালকেরা। ছবিটি বিকেলে তোলা l প্রথম আলো
১০০ ফুটের বে​শি চওড়া এই সড়কটি দিনের পর দিন ট্রাকচালকদের দখলে ছিল। রাজধানীর তেজগাঁও লিংক রোড দখল করে রাখা ট্রাকস্ট্যান্ডটি গত রোববার উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল রাস্তার ওপর থেকে সব ট্রাক ও কার্ভাড ভ্যান সরিয়ে নেন মালিক ও চালকেরা। ছবিটি বিকেলে তোলা l প্রথম আলো

ঘণ্টার পর ঘণ্টা পথে থেমে থাকতে হয় না ব্যক্তিগত গাড়ি, রিকশা, মোটরসাইকেল আরোহীদের। পথচারীরাও চলছে স্বচ্ছন্দে। তেজগাঁও লিংক রোড দিয়ে সাবলীলভাবে যাতায়াত করা যাচ্ছে। প্রায় এক শ ফুট চওড়া এবং আধা কিলোমিটার দীর্ঘ এই সড়কের চিরচেনা রূপ একেবারেই বদলে গেছে। মনে হয় এ যেন অচেনা সড়ক।
গত রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন এই সড়ক থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। এরপরই প্রশস্ত এই সড়কটির রূপ বদলে গেছে। বড় বড় কাভার্ড ভ্যান, ট্রাক এলোপাতাড়ি দাঁড়িয়ে নেই। যানজটে আটকে পড়া যাত্রী বা চালকদের দুর্ভোগ নেই। ক্ষুব্ধ কণ্ঠের চেঁচামেচিও নেই। নির্বিঘ্নে ফুরফুরে মেজাজে চলছে সবাই।
এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন সরকারি কর্মকর্তা সিরাজুল আলম। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ‘গুলশানের বাসা থেকে যত তাড়াতাড়ি আসি না কেন, তেজগাঁও লিংক রোড পার হতে প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা সময় লাগত। অনেক সময় হাঁটাও সম্ভব হতো না। কাদা-পানি জমে বর্ষার সময় সড়কটির অবস্থা বিপর্যস্ত হয়ে যেত। আজ সড়কটিকে চেনাই যাচ্ছে না। এই অবস্থা টিকে থাকবে তো!’
সন্ধ্যায় সরেজমিন ঘুরে দেখা গেছে, তেজগাঁও লিংক রোড থেকে বড় ট্রাকগুলো সরে গেছে। ট্রাকস্ট্যান্ড থেকে সাত রাস্তা মোড় পর্যন্ত কিছু মিনি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। ভ্যানগুলোর সামনে আসতেই কয়েক যুবক ছুটে আসেন। তাঁরা বলতে থাকেন, ‘ভাই ট্রাক লাগব। কই যাইবেন?’
ট্রাক কোথায়—জানতে চাইলে তাঁরা একসঙ্গে বলেন, ‘ট্রাক আছে গাবতলীতে। আধা ঘণ্টার মধ্যে চইল্যা আইব।’
গত রোববার দুপুর থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভারস ইউনিয়নের কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা কার্যত অবরুদ্ধ করে রেখেছিলেন শ্রমিকেরা। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। উত্তেজিত শ্রমিকেরা মেয়রের প্রটোকলের গাড়ি ভাঙচুর করেন।
ডিএনসিসির হিসাবে, এ সময় শ্রমিকদের হামলায় তাদের সাতটি যানবাহনের ক্ষতি হয়। এর মধ্যে টায়ার ডোজারের সামনে-পেছনের কাচ, বাতি ও ইলেকট্রিক্যাল সিস্টেম নষ্ট হয়ে যায়। প্রায় একই হাল হয় বেক-হো-লোডারটির।
ওই দিন সিটি করপোরেশনের তিনজন চালক, চালকের এক সহযোগী ও একজন উচ্ছেদকর্মী আহত হন।
গতকাল রাত আটটা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ডিএনসিসি কিংবা অন্য কেউ এ ঘটনায় মামলা করেনি। কোনো অভিযোগও আসেনি পুলিশের কাছে।