এ যেন উদ্বাস্তু শিবির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ হলের একটি বড় কক্ষ। মেঝেতে সারি সারি বিছানা, প্রায় ৫০টি। ওপরে রশিতে টানানো সারি সারি জামাকাপড়ের স্তূপ। রেলস্টেশনে যেভাব সারিবদ্ধভাবে উদ্বাস্তুরা ঘুমায়, ঠিক যেন সেই দৃশ্য। পার্থক্য শুধু এঁরা থাকছেন চারদেয়ালের ভেতরে, পিঠের নিচে আছে বিছানা। এমন দৃশ্য জগন্নাথ হলের (দক্ষিণবাড়ির) এক সময়ের টিভি-কক্ষের। আদল বদলে গেছে কক্ষটির। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে অস্বাস্থ্যকর ওই কক্ষটিতে ১০০ শিক্ষার্থীর বাস।হলটিতে মোট আবাসনের ব্যবস্থা আছে এক হাজার ৬০ জনের। ছাত্ররা জানান, হলটিতে আড়াই হাজারের বেশি ছাত্র থাকছেন। আবাসন-সংকট মেটাতে হল কর্তৃপক্ষই দুটি টিভি-কক্ষে ছাত্রদের থাকার ব্যবস্থা করেছে। হলের উত্তরবাড়ির ছোট একটি টিভি-কক্ষ ছিল। সেখানে এখন ছাত্ররা থাকেন। প্রায় ৫০ জন ওই কক্ষে থাকেন বলে ছাত্ররা জানিয়েছেন। দক্ষিণবাড়ির মেস ‘রসনাবিলাস’-এর ওপরের তলায় ছিল একটি বড় টিভি-কক্ষ। সেখানেও এখন থাকছেন শতাধিক ছাত্র। এ ছাড়া ১৫ থেকে ২০টি কক্ষ ব্যবহূত হচ্ছে গণরুম হিসেবে। এসব কক্ষে থাকেন ১০-১৫ জন করে।সূর্যসেন, মসজিদ থেকে ছাদ—সবখানেই ঘুমান ছাত্ররা: রাত দুইটার দিকে হলের মসজিদে ঢুকে দেখা গেল ৩০-৩৫ জন ঘুমাচ্ছেন। কথা বলে জানা গেল, তাঁরা হলেরই ছাত্র। কক্ষে ঘুমানোর পর্যাপ্ত জায়গা নেই, তাই মসজিদে আশ্রয় নেন রাতে একটু আরাম করে ঘুমানোর জন্য। হলের ছাদে গিয়েও দেখা যায় অভিন্ন চিত্র।হলটিতে মোট ৫৯০ জনের থাকার ব্যবস্থা আছে। ছাত্ররা জানান, এই হলে থাকছেন প্রায় দুই হাজার শিক্ষার্থী। একজনের কক্ষে দু-তিনজন, দুজনের কক্ষে তিন-চারজন, চারজনের কক্ষে ৮-১০ জন করে ছাত্র থাকছেন। আবাসন-সংকটের কারণে হলের নিচতলার একটি বড় হলরুমে হার্ডবোর্ডের বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ করে ছাত্রদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এসব কক্ষ গণরুম হিসেবে ব্যবহূত হচ্ছে।হল সূত্রে জানা যায়, হলটিতে মোট ২৩টি কক্ষ গণরুম হিসেবে ব্যবহূত হচ্ছে। ছাত্ররা জানান, হলের ১৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ২২৬, ৩২৬, ৪২৬, ৫২৬ নম্বর কক্ষগুলো তিন শয্যাবিশিষ্ট। তবে এসব কক্ষে থাকেন আট থেকে ১০ জন করে। ২২৬/ক, ৩২৬/ক, ৪২৬/ক, ৫২৬/ক, ৬২৬/ক, ২০১/ক, ৩০১/ক, ৪০১/ক, ৫০১/ক—এই কক্ষগুলো কিছুটা বড়। চার শয্যার ২৪৯, ৩৪৯, ৪৪৯ ও ৫৪৯ নম্বর কক্ষে থাকেন ১০-১৫ জন করে।২২৬/ক কক্ষে গিয়ে দেখা গেল, তিনজন থাকার একটি কক্ষে থাকছেন নয়জন। তিনটি খাটে ছয়জন, মধ্যখানের ফাঁকা জায়গায় তিনজন। ওই কক্ষে থাকা ছাত্ররা জানান, তাঁদের কক্ষে আরও কয়েকজন থাকেন।হার্ডবোর্ডে ঘেরা একটি কক্ষে ঢুকে দেখা যায়, উত্তর-দক্ষিণ দুই সারিতে আটটি করে ১৬টি খাট পাতা। এক খাট থেকে আরেক খাট লাগোয়া। বদ্ধ পরিবেশে ১৬টি খাটে থাকেন ৩২ জন।মুহসীন হল: শূন্যে ঝুলছে খাট : হলের পশ্চিম ব্লকে গেলে দেখা যায়, বিভিন্ন তলায় সারি সারি খাট ঝুলছে শূন্যে। ছাত্ররা জানান, খাট বাইরে ঝুলিয়ে রাখার কারণ দুটি—এক হলো ছারপোকা আর দ্বিতীয় কারণ, খাট থাকলে কক্ষের জায়গা কমে যায়। খাট বাইরে রেখে সবাই মেঝেতে ঘুমালে কয়েকজন বেশি ঘুমানো যায়।এই হলে মোট দুই হাজারের বেশি ছাত্রের বিপরীতে মাত্র ৫৭৮টি সিট আছে। ছাত্ররা জানান, এই হলের অবস্থাও সূর্যসেন হলের মতো। হলটিতে মোট ১৪টি গণরুম আছে। এর মধ্যে ই-২, ৪, ৬, ৮, ১০—এসব কক্ষ ছয়জনের; থাকেন ১২-১৫ জন করে। ৪৪৮ নম্বর কক্ষটি চারজনের; থাকছেন ১০ জন। ৪/ক, ৫/ক ও ৬/ক কক্ষগুলোতে থাকেন ২৫-৩০ জন করে। ২২৮, ৩২৮, ৪২৮, ৫২৮, ৬২৮ কক্ষগুলো ছয় শয্যাবিশিষ্ট; থাকছেন ১০-১২ জন করে। এ এফ রহমানে ঘিঞ্জি অবস্থা: সবচেয়ে কম পরিসর নিয়ে নির্মিত স্যার এ এফ রহমান হল। ভেতরে চারদিক ঘেরা ভবন। মধ্যখানে ফাঁকা জায়গা খুব অল্প।এই হলে মোট ৪৭৮ জনের থাকার ব্যবস্থা আছে। অথচ হলটিতে থাকছেন এক হাজারের বেশি ছাত্র। হলের চারজনের প্রায় সব কক্ষে থাকেন আটজন করে। এই হলে চার শয্যার ১০৫, ১০৩, ১০৮, ১১৬, ৩০৮ কক্ষগুলোতে ২৫ থেকে ৩০ জন, সর্বোচ্চ ৩৩ জন করে থাকেন। জহুরুল হক হলের মসজিদে সারি সারি বিছানা: জহুরুল হক হলের বর্ধিত ভবনের দ্বিতীয় তলার মসজিদের দরজায় অনেকগুলো স্যান্ডেল। ভেতরে ঢুকে দেখা যায়, সারি সারি ঘুমিয়ে আছেন ছাত্ররা, প্রায় ৩০ জন। আরও অনেকগুলো বিছানা সাজানো, কিছু ভাঁজ করা। বোঝা যায়, আরও অনেকেই এখানে রাতে ঘুমান। ওই হলের ছাত্র আবদুল আলিম বলেন, রাতে এই হলের মসজিদ সব সময়ই ভর্তি থাকে। তাঁরা তাবলিগ জামাতের সদস্য নন, হলেরই ছাত্র। তিনি নিজেও একসময় মসজিদে ছিলেন।সার্জেন্ট জহুরুল হক হলে মোট ৮১৬ জন ছাত্রের আবাসনের ব্যবস্থা আছে। হল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই থাকছেন প্রায় দেড় হাজার ছাত্র। ছাত্ররা জানান, হলটিতে কমপক্ষে দুই হাজার ছাত্র থাকছেন। হলের চারটি কক্ষে (২০, ৪, ১০১২ ও ১০১৩) থাকছেন ২৫ থেকে ৩০ জন।গাদাগাদি বঙ্গবন্ধু হলে: বঙ্গবন্ধু হলের প্রায় সব কক্ষই চার শয্যার। তবে অন্যান্য হলের চারজনের কক্ষের চেয়ে আকারে ছোট এই হলের কক্ষগুলো। চার শয্যার এসব কক্ষেও থাকছেন ৮-১০ জন করে।এই হলে মোট ৫০০ ছাত্রের থাকার ব্যবস্থা আছে। হলের মোট ছাত্র দুই হাজার ৭৮০ জন। হল কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, এর মধ্যে আবাসিক ছাত্র ৪১৫ জন। দ্বৈতাবাসিক ৩১৫ জন। বাকি দুই হাজার ৫০ জন ছাত্র অনাবাসিক। হল কর্তৃপক্ষের হিসাব এ রকম হলেও বাস্তবতা ভিন্ন। হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলে থাকছেন প্রায় এক হাজার ছাত্র। এই হলে সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ‘গণরুম’ বা ‘পলিটিক্যাল রুম’ আছে আটটি। পাঁচ শয্যার এসব কক্ষে থাকছেন ২০ থেকে ২৫ জন করে।জিয়া হলের গণরুমে পা ফেলতে হয় সাবধানে: জিয়া হলে মোট সিট ৫০০। ছাত্ররা জানান, এই হলেও থাকছেন সহস্রাধিক ছাত্র। হলের দুটি ছাড়া সব কটি কক্ষ চার শয্যাবিশিষ্ট। প্রায় সব কক্ষেই থাকছেন আট থেকে ১০ জন করে। এ ছাড়া ১০৩, ১০৯, ১১০ ও ১১১ নম্বর কক্ষ ব্যবহূত হয় গণরুম হিসেবে। চার শয্যার এসব কক্ষে থাকছেন ২৫-৩০ জন করে। কোনো কোনো কক্ষে খাট বাইরে ফেলে সবাই সারিবদ্ধ হয়ে আঁটসাঁট হয়ে ঘুমান মেঝেতে। আবার কোনো কোনো কক্ষে চারটি খাটে আটজন, বাকিরা থাকছেন মধ্যখানের ফাঁকা জায়গায়। সবাই ঘুমানোর পর আর ফাঁকা জায়গা পাওয়াই মুশকিল। রাতে সবাই ঘুমাতে এলে মেঝেতে পা ফেলতে হয় খুব সাবধানে। কারণ পা পড়তে পারে যে কারও মাথায়, মুখে।ফজলুল হক হলেও এই চিত্র: এই হলে ৭৫৩ জন ছাত্রের থাকার ব্যবস্থা আছে। সেখানে থাকছেন প্রায় দেড় হাজার ছাত্র। ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, এই হলের মূল ভবনে বেশির ভাগই এক সিটে একজন করে থাকেন। আর বর্ধিত ভবনে চারজনের কক্ষে থাকেন ছয়জন করে। হলের দুটি গণরুমে (২০০৫ ও ৩০০৪) থাকেন ৪৫ জন।শহীদুল্লাহ হলের গণরুমে হাঁসফাঁস অবস্থা: এই হলে মোট ৮৫০ জন ছাত্রের আবাসনের ব্যবস্থা আছে। সেখানে প্রায় দুই হাজার ছাত্র থাকছেন বলে তাঁরা জানিয়েছেন। এই হলেরও প্রায় সব সিটের বিপরীতে থাকছেন দুজন করে। হলের ১১০৪, ১১০৬, ২১০২, ২১১২, ২১১৪, ২১০৩, ২১০৭ ও ২১১৫ নম্বর কক্ষে থাকছেন ২০ থেকে ২৫ জন করে। ছাত্ররা জানান, মশার উত্পাত থেকে রক্ষা পেতে টানানো হয় মশারি। এমনিতেই এক কক্ষে থাকেন ২০-২৫ জন। তার ওপর যদি মশারি টানানো হয়, তাহলে হাঁসফাঁস লেগে যায়।একুশে হলে সংকট কিছুটা কম: অমর একুশে হলের ছাত্ররা জানান, এই হলে আবাসন-সংকট তুলনামূলক কম। এই হলে ৫০০ ছাত্রের আবাসনের ব্যবস্থা আছে। গত শিক্ষাবর্ষে এই হলের অধীনে মোট ছাত্র ছিলেন এক হাজার ১৭০ জন। এই হলে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা চারজনের কক্ষে আট জন করে থাকেন। আর তৃতীয় বর্ষ থেকে ওপরের ছাত্ররা বেশির ভাগ ক্ষেত্রে এক সিটে একজন করেই থাকেন। এ ছাড়া নবাগত ছাত্রদের জন্য এই হলেও বেশ কিছু গণরুম আছে। এসব কক্ষে ১২ জন করে ছাত্র থাকেন।