এ যেন মৃত্যুকূপ
সংস্কারের অভাবে মৃত্যুকূপে পরিণত হয়েছে বরিশাল নগরের কাউনিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। পলেস্তারা উঠে গিয়ে যেন কঙ্কালসার এখন এটি। যখন-তখন শ্রেণিকক্ষে খসে পড়ছে পলেস্তারা। এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কিন্তু বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করা হয় ১৯৯৬ সালে। নির্মাণের পর এটি আর সংস্কার করা হয়নি। ভবনের চারটি কক্ষের মধ্যে তিনটি শ্রেণিকক্ষ ও অপরটি শিক্ষকদের বসার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনটি শ্রেণিকক্ষে ভাগ করে নেওয়া হয় পাঁচ শ্রেণির ক্লাস। প্রতিষ্ঠানটিতে বর্তমানে সাড়ে চার শ ছাত্রছাত্রী রয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ ভবনটির চারটি কক্ষেরই দুরবস্থা। দেয়াল, ছাদ ও পিলারের পলেস্তারা উঠে গেছে। বেরিয়ে পড়েছে এখানে সেখানে রড। কয়েকটি পিলার তো প্রায় নিশ্চিহ্ন। কোনো কোনো জানালার গ্রিল পর্যন্ত নেই। অবস্থা এতটাই শোচনীয় যে শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা পর্যন্ত চালানো যাচ্ছে না। চালালে পলেস্তারা খসে পড়ে। এসব কারণে শিক্ষার্থীরাও কম আসছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অজিউদ্দিন নির্জন জানায়, প্রায়ই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। এ জন্য বিদ্যালয়ে আসতে ভয় লাগে। বাবা-মাই স্কুলে পাঠাতে চান না। চতুর্থ শ্রেণির শাহরুল ইসলাম বলে, ‘আমার অনেক বন্ধুই ভয়ে স্কুলে আসে না। আমিও মাঝে মাঝে আসি।’ একই কথা জানাল ইফফাত হাওলাদার, হিমি খান, মো. হিরণ, মারিয়া আক্তারসহ আরও কয়েক শিক্ষার্থী। শিক্ষকেরা জানান, শ্রেণিকক্ষসংকট ও বিদ্যালয় ভবন জরাজীর্ণ হওয়ায় শিক্ষা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পাশেই নির্মাণাধীন সাইক্লোন শেল্টার বিদ্যালয়ের শ্রেণিকক্ষ হিসেবে বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। তবে ওই আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। তাঁরা বলেন, পাঁচটি ক্লাসের জন্য কমপক্ষে পাঁচটি শ্রেণিকক্ষ প্রয়োজন। সেখানে দুই কক্ষে শিক্ষা কার্যক্রম চলবে কীভাবে? তা ছাড়া সাইক্লোন শেল্টারে কোনো শৌচাগার নেই।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসিরউদ্দিন আহম্মেদ বলেন, জরাজীর্ণ ভবন ও শ্রেণিকক্ষসংকট সমাধানে প্রতিবছর নতুন ভবন নির্মাণের জন্য তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। সেখান থেকে বরাদ্দ পাওয়া সাপেক্ষে নতুন ভবন নির্মাণ করা হয়। তিনি বলেন, সাইক্লোন শেল্টার বরাদ্দ পাওয়ার পরও কাউনিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যার সমাধান না হলে বিদ্যালয়টি পরিদর্শন করে পদক্ষেপ নেওয়া হবে।