এ রকম অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান পরিস্থিতির বিষয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কল্যাণপুরের ‘জঙ্গি আস্তানার’ সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়ে তিনি বলেছেন, ‘এ রকম অভিযান চলবে। এসব রুটিন ওয়ার্ক। কল্যাণপুরে এক জঙ্গি ধরা পড়েছে। নিহত হয়েছে নয়জন। নিহত ব্যক্তিদের সবাই জঙ্গি। আমাদের কয়েকজন পুলিশও আহত হয়েছে।’
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।
জঙ্গি আস্তানায় পরিচালিত ‘অপারেশন স্টর্ম-২৬’-কে সফল বলে উল্লেখ করে সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন, ‘ওই জঙ্গি আস্তানায় থাকা জঙ্গিরা দু-এক দিনের মধ্যে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। পুলিশ ওখানে পৌঁছালে জঙ্গিরা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের ব্যর্থ করে দেওয়া হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কল্যাণপুরে উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য, জঙ্গিদের ব্যবহৃত পোশাকের সঙ্গে গুলশান ও শোলাকিয়ার জঙ্গিদের ব্যবহৃত পোশাকের মিল পাওয়া গেছে। আগের দুটি ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে তদন্তের পরই বিষয়টি জানানো যাবে। গুলশান ও শোলাকিয়ার জঙ্গিরা মাদকাসক্ত ছিল বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ নির্মূল হবে। পুলিশ যেখানে প্রয়োজন, সেখানেই এ ধরনের অভিযান চালাবে।