এ রকম গণশৌচাগার আরও হতে পারে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝা চকচকে এ ধরনের পাবলিক টয়লেট আছে ঢাকার বুকেই। গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম
ঝা চকচকে এ ধরনের পাবলিক টয়লেট আছে ঢাকার বুকেই। গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম

ছবি দেখে যে কারও মনে হতে পারে, এটি কোনো অভিজাত হোটেল কিংবা করপোরেট অফিসের শৌচাগার, যা সেখানে আগত লোকজন সাধারণভাবে ব্যবহার করতে পারে। কিন্তু আসলে তা নয়। এটি ঢাকা মহানগরীর একটি গণশৌচাগার (পাবলিক টয়লেট)।
ঢাকার গণশৌচাগার সম্পর্কে যাদের কিছুমাত্র ধারণা আছে এবং এই শৌচাগারটি সম্পর্কে যাদের জানা নেই, তাদের কাছে বিষয়টি অবিশ্বাস্যও মনে হতে পারে। কিন্তু এমন একটি গণশৌচাগার সত্যিই ঢাকায় আছে। গাবতলী বাস টার্মিনালের আন্তজেলা বাসের টিকিট কাউন্টারগুলোর পেছনে এর অবস্থান।
গতকাল শুক্রবার সকালে সেখানে কথা হয় তবিবর রহমানের সঙ্গে। নাটোর থেকে রাতের বাসে ঢাকায় এসেছেন তিনি। যাবেন দয়াগঞ্জে এক আত্মীয়ের বাসায়। বাস থেকে নেমে শৌচাগারটির লকারে (ব্যাগ প্রভৃতি রাখার জন্য তালা-চাবি দেওয়া জায়গা) ব্যাগপত্র রেখে তিনি প্রাতঃক্রিয়াদি সেরে নিয়েছেন। এরপর ধীরে-সুস্থে দয়াগঞ্জে রওনা হবেন।
তবিবর বলেন, এবারই প্রথম তিনি শৌচাগারটি ব্যবহার করেছেন। তাঁর এলাকার একজনের কাছ থেকে শৌচাগারটির কথা শুনে এসেছিলেন। বাস টার্মিনালে যে এ রকম ভালো ব্যবস্থা থাকতে পারে, এ কথা তাঁর বিশ্বাসই হচ্ছে না। মাত্র পাঁচ টাকার বিনিময়ে শৌচাগারটি ব্যবহার করতে পেরে তিনি খুব খুশি বলে জানালেন।
তাঁর সঙ্গে কথা বলতে বলতেই দেখা গেল নারী-শিশুনির্বিশেষে অনেকে শৌচাগারটি ব্যবহার করার জন্য এসেছে। এর মধ্যে জয়পুরহাট থেকে আসা জেসমিন নাহার বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আগেও শৌচাগারটি ব্যবহার করেছেন। এই শৌচাগারটি হওয়ার পর থেকে তাঁরা ঢাকায় আসা-যাওয়ার ব্যাপারে বেশ স্বস্তিতে আছেন। জেসমিন বলেন, এ রকম শৌচাগার কি ঢাকায় আরও হতে পারে না?
পরিষ্কার-পরিচ্ছন্ন এই শৌচাগারে যাত্রীদের ব্যাগ রাখার লকার যেমন আছে, তেমনি প্রয়োজনীয় পানি, হাত ধোয়ার সাবান, এমনকি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও আছে। সার্বক্ষণিকভাবে আছেন দুজন পরিচ্ছন্নতাকর্মী—একজন পুরুষ, একজন নারী। আছেন একজন তত্ত্বাবধায়কও। তাঁরা বললেন, যারাই শৌচাগারটি ব্যবহার করে, তারা সবাই এর প্রশংসা করে। শৌচাগারটি নির্মিত হয়েছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে।
সাধারণভাবে ঢাকার গণশৌচাগারের অবস্থা অত্যন্ত শোচনীয়। তবে এ সম্পর্কে সাম্প্রতিক কোনো সমীক্ষা নেই। ২০১০ সালে সেন্টার ফর আরবান স্টাডিজ ও ওয়াটার এইড যৌথ উদ্যোগে একটি সমীক্ষা চালিয়েছিল। তাতে দেখা গেছে, ঢাকায় প্রতিদিন প্রায় ৫৫ লাখ মানুষের গণশৌচাগার ব্যবহারের প্রয়োজন হয়। এর মধ্যে ভাসমান জনসংখ্যা পাঁচ লাখ। রিকশাচালক ১০ লাখ। অন্যান্য জীবিকার মানুষ ১০ লাখ। নিয়মিত পথচারী ২০ লাখ। ঢাকার বাইরে থেকে আসা পথচারী ১০ লাখ।
ওই সমীক্ষায় মোটামুটি ব্যবহারের উপযোগী গণশৌচাগার পাওয়া গিয়েছিল ৪৭টি। তবে গত পাঁচ বছরে এই সংখ্যা আরও কমেছে। অপর দিকে গণশৌচাগার ব্যবহার করা প্রয়োজন এমন মানুষের সংখ্যা অনেক বেড়েছে। ফলে নগরীর যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগের প্রবণতা বেড়েছে। কয়েক মাস ধরে দেখা যাচ্ছে, সরকারি প্রশাসনের সর্বোচ্চ স্থান সচিবালয়ের আশপাশেও নতুন নতুন স্থানে মূত্র ত্যাগ করা হয়। এ রকম দু-একটি জায়গায় এখন হাঁটাচলা কঠিন হয়ে পড়েছে, কিন্তু কোনো প্রতিকারের উদ্যোগ দেখা যাচ্ছে না।
ঢাকায় সবার জন্য উন্মুক্ত যে গণশৌচাগারগুলো রয়েছে, সেগুলোর অধিকাংশই এখন আর ব্যবহারের উপযোগী নেই। তবে ইজারাদারেরা সেখানে ঘাঁটি গেড়ে আছেন। তাঁরা সেখান থেকে পানি বিক্রি করছেন। কোনো কোনো শৌচাগার থেকে অস্থায়ীভাবে বিদ্যুতের অবৈধ লাইনও দেওয়া হচ্ছে। অন্যদিকে ইজারাদারেরা পানি-বিদ্যুতের বিল নিয়মিত পরিশোধ করছেন না।
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গণশৌচাগারগুলোতে ব্যবহৃত পানি ও বিদ্যুতের বকেয়া বিল ক্রমেই বাড়ছে। সূত্র মনে করে, গণশৌচাগারের ক্ষেত্রে এমন পরিস্থিতির অবসান হওয়া উচিত।
ওয়াটার এইড এবং আরও কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার সূত্র প্রথম আলোকে বলেছে, সিটি করপোরেশন উদ্যোগী হলে তারা মানসম্পন্ন গণশৌচাগার তৈরি ও ব্যবস্থাপনায় সহযোগিতা করতে পারে। সিটি করপোরেশন থেকে একটি কথা সাধারণভাবে বলা হয়, জায়গার অভাব। কিন্তু বিদ্যমান যে শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী, সেখানে নতুন করে উন্নত মানের গণশৌচাগার নির্মাণ করতে কোনো অসুবিধা থাকার কথা নয়।