‘এ রকম ভুক্তভোগীরা যেন আল্লাহর কাছে বিচার চায়’
২০১৭ সালের ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়েছিল। মামলার আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদসহ পাঁচজন। ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই মামলায় সম্প্রতি রায় দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার। তিনি অভিযুক্ত পাঁচজনকেই খালাস দিয়েছেন। দিয়েছেন কিছু পর্যবেক্ষণও। সেই পর্যবেক্ষণ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে দুজন বাদীর কেউই প্রতিক্রিয়া দেননি। তবে, আজ মঙ্গলবার এই মামলার একজন বাদী ই–মেইলে পাঠানো প্রশ্নের জবাব দিয়েছেন প্রথম আলোর কাছে।
সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম।
প্রশ্ন :
রায়ের দিন আপনার সঙ্গে কথা হচ্ছিল। আপনি বলছিলেন আদালতে যাবেন না। রায় কী হবে অনুমান করছিলেন। কিসের ভিত্তিতে এই অনুমান?
বাদী: আসামিদের অনেক টাকা এবং তাঁরা এতই ক্ষমতাশালী যে আমরা যথেষ্ট প্রমাণ পেশ করতে পারিনি। আমাদের সাক্ষী ছিলেন ৪৭ জন, তাঁদের মধ্যে সাক্ষ্য দিয়েছেন ২২ জন। তাঁরা কেউই শেষ পর্যন্ত আমাদের পক্ষে কথা বলেননি। তাই রায় যে আসামিদের পক্ষে যাবে, এটা বুঝতে পেরেছিলাম। নিরাপত্তাহীনতা বোধ করায় আদালতে যাইনি। ভয় পাচ্ছিলাম।
প্রশ্ন :
রেইনট্রির এই ধর্ষণের ঘটনা আপনার জীবনকে কীভাবে পাল্টে দিয়েছে?
বাদী: কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছি। আমি অনেক দিন ধরে বেকার। ভবিষ্যতে কী আছে কে জানে। আমার অভিভাবকেরা প্রায়ই বিষণ্ন থাকেন এই ভেবে যে আমাকে বিয়ে দিয়ে তাঁরা ‘দায়মুক্ত’ হতে পারবেন কি না। কেউ এ ঘটনায় আমার উপস্থিতির কথা আঁচ করতে পারলেই আর এগোয় না। সমাজের চোখে এখন আমিই যেন অপরাধী। আর এই রায়ের পর তো জীবন আরও কঠিন হয়ে গেছে...। এমনকি নিজের পরিবারের কাছেও জবাবদিহি করতে হচ্ছে। যেটা প্রমাণ করতে পারব না, সেটা নিয়ে কেন মামলা করলাম, তা নিয়ে কথা শুনতে হচ্ছে।
প্রশ্ন :
সম্মতির ভিত্তিতে সে রাতে আপনারা রেইনট্রিতে গিয়েছিলেন। ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে বলা হচ্ছে। কী বলবেন?
বাদী: আমি বলে বোঝাতে পারব না। কারণ, আমার চোখ যা দেখেছে, তা দুর্ভাগ্যবশত আর কেউ দেখেনি। একটা জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত নেওয়াকে অপরাধ বলে আমি মনে করি না। আমি আগেও বলেছিলাম, এই অনুষ্ঠানটা কোথায় হবে, সে সম্পর্কে আমি জানতাম না। আর দশটা অনুষ্ঠান যেভাবে হয়, সেভাবে হবে ভেবেই সম্মতি দিয়েছিলাম। তা–ও মোটামুটি জোর করেই সম্মতি আদায় করেছিল ওরা। আমাকে গাড়ি পাঠিয়ে আনা হয়েছে। যদি জানতাম জন্মদিনের পার্টি রেইনট্রি হোটেলে হবে, তাহলে গাড়ি পাঠানো পর্যন্ত কথাই আগাতাম না।
প্রশ্ন :
এত দেরিতে মামলা করার কী কারণ? পিয়াসাকে আত্মীয় হিসেবে পরিচয় দিয়েছেন, এটা কেন?
বাদী: এত দিন পর মামলা করে কোনো লাভ হবে না জেনেও করেছি। কারণ, পিয়াসার সমর্থন ছিল। তিনি আমাদের পক্ষে সাক্ষ্য দেবেন এবং সব রকমের সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। পিয়াসাই বলেছিলেন তাঁকে আত্মীয় হিসেবে পরিচয় দিতে।
প্রশ্ন :
আদালত নাঈম আশরাফকে খালাস দিয়েছেন? আপনি কী এখনো তাঁর বিচার চান?
বাদী: এখনো বিচার চাওয়াটা বোকামিই হবে। আমাদের পক্ষে বলার মতো কেউ নেই, আমি আর বিচার চাই না। আমাদের নিয়ে শুধু বাজে বাজে কথা বানানো হচ্ছে। এগুলো হজম করার ক্ষমতা আর নেই। কিন্তু একটা প্রশ্ন করতে চাই। আসামিরা খালাস পেয়ে গেল। এখন আমাদের নিরাপত্তা কোথায়? নাকি আমরা কিছু প্রমাণ করতে পারিনি বলে আমাদের নিরাপত্তার দরকার নেই?
প্রশ্ন :
এত বছর ধরে মামলা চালানো—যেখানে আসামিদের ‘প্রভাবশালী’ ও ‘বিত্তশালী’ বলা হচ্ছে, সেটা কি আপনাদের জন্য কঠিন ছিল? কী কী ধরনের বাধার মধ্যে পড়েছেন আপনারা?
বাদী: এটার ব্যাখ্যা ওপরে দিয়েছি। এককথায় বলতে গেলে চোরের মতো জীবন যাপন করেছি। সব সময় চেষ্টা করেছি যেন কখনো ওই পক্ষের কারও সামনে পড়তে না হয়।
প্রশ্ন :
আপনারা কি আপিল করবেন? ঘটনার শিকার নারীদের উদ্দেশে কিছু বলার আছে আপনার?
বাদী: আমি আমার পরিবারের ওপর ছেড়ে দিয়েছি। তারা সমর্থন দিলে আপিল করব, নইলে এখানেই হাল ছেড়ে দেব। এমন ঘটনার শিকার নারীদের উজ্জীবিত করার মতো কিছু বলার নেই আসলে…। ধর্ষণ মামলায় কোনো ভালো ফল আসার বদলে দুর্নামই আসবে। এ রকম ভুক্তভোগীরা যেন আল্লাহর কাছে বিচার চায়। আর কেউ সুবিচার দেবে না তাদের।
প্রশ্ন :
সমাজ আসলে কী বার্তা পেল? আপনি কি মনে করেন নারীরা এ ধরনের অভিযোগ নিয়ে থানা বা আদালতে যাওয়ায় কুণ্ঠা বোধ করবেন?
বাদী: এমন ঘটনা নিয়ে আদালতে যেতে আর কেউ সাহস করবে বলে আমি মনে করি না।