এ রায় ন্যায়ভ্রষ্ট ও আবেগতাড়িত: ব্যারিস্টার রাজ্জাক

গোলাম আযমের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেছেন, এ রায় আবেগতাড়িত। তাঁরা উচ্চ আদালতে যাবেন। তাঁরা ক্ষুব্ধ, বিস্মিত। তাঁরা মনে করেন, এ রায় ন্যায়ভ্রষ্ট ও আবেগতাড়িত। রায়ের প্রতিক্রিয়ায় ধানমন্ডির নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক এ কথা বলেন। তিনি বলেন, গোলাম আযম অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী ছিলেন। তিনি পাকিস্তানের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে কাজ করেছেন। শান্তি কমিটির সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল। কিন্তু মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সঙ্গে বিষয়গুলোর সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘সারা দুনিয়ার ফৌজদারি মামলার ইতিহাসে এমন আরেকটি রায় খুঁজে পাওয়া যাবে না।’ তিনি বলেন, রাষ্ট্রপক্ষ ৬১টি অভিযোগের একটিও প্রমাণ করতে পারেনি। তিনি বলেন, গোলাম আযম ইয়াহিয়া ও টিক্কা খানের সঙ্গে সাক্ষাত্ করেছেন বলে অভিযোগ তোলা হয়। কারও সঙ্গে সাক্ষাত্ করা মানবতাবিরোধী অপরাধ হতে পারে না।