এ রায় ভুল, রিভিউ পিটিশন করা হবে: রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আসামীর প্রধান আইনজীবী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক। তাঁর ডানে বসা আইনজীবী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। বাম পাশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। ছবি: প্রথম আলো
কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আসামীর প্রধান আইনজীবী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক। তাঁর ডানে বসা আইনজীবী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। বাম পাশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। ছবি: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লাকে দেওয়া ফাঁসির আদেশকে একটি ভুল রায় বলে মন্তব্য করেছেন তাঁর প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। রায়ের পরপরই আজ হাইকোর্টের মিলনায়তনে এক সংবাদ ব্রিফিং করেন তিনি।
আবদুল কাদের মোল্লার সাংবিধানিক অধিকার সংরক্ষণের জন্য পূর্ণাঙ্গ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে এ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করা হবে বলে জানান তিনি।
আবদুর রাজ্জাক আরও বলেন, ‘আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এ রায় মানতে বাধ্য। একটি প্রতিষ্ঠান হিসেবে দেশে সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু এটি একটি ভুল রায়। আমরা এ রায়ে সংক্ষুব্ধ। আমরা বিস্মিত। আমরা মনে করি, এ রায় ন্যায়বিচারের পরিপন্থী। বিচারিক আদালত যেখানে মৃত্যুদণ্ড দেননি, সেখানে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ড প্রদান বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ছাড়া স্কাইপ কেলেঙ্কারির পরও ট্রাইব্যুনাল কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান আইনের শাসনের পরিপন্থী।’
আবদুর রাজ্জাক আরও বলেন, ‘আমরা সমাপনী বক্তব্যে বলেছিলাম, যে সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে, তার ভিত্তিতে কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই। কিন্তু এটা দুর্ভাগ্যজনক আজ তাঁকে শুধু দোষীই সাব্যস্ত করা হয়নি, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারের ইতিহাসে এটি একটি দুঃখজনক অধ্যায়।’

ব্রিফিংয়ের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।
এ রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, ‘এ রায়ের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। দলের বক্তব্য পরে জানানো হবে।’