এ রাষ্ট্রে সবচেয়ে সস্তা মানুষের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, ‘বর্তমান সময়ে যেভাবে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, যেভাবে খুন ও গুমের ঘটনা ঘটছে, তাতে মনে হয়, এ রাষ্ট্রে সবচেয়ে সস্তা মানুষের জীবন।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বিজয়ের ৪০ বছর: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় আবদুল মতিন এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই আলোচনা সভায় দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্টজনেরা বলেন, জাতীয় ঐক্য সৃষ্টি হওয়ায় একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হয়েছিল। তেমনি তত্ত্বাবধায়ক সরকার, টিপাইমুখ বাঁধের মতো জাতীয় স্বার্থের বিষয়গুলোতে জাতীয় মতৈক্য গড়ে তুলতে হবে।প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমেদ ২৫ মার্চের রাতের স্মৃতিচারণা করে বলেন, ‘সেই রাতে আমি জাতীয় প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নিয়েছিলাম। পাকিস্তানি সেনারা প্রেসক্লাবের বেশির ভাগ অংশ কামানের গোলা দিয়ে উড়িয়ে দিয়েছিল। পরে এই প্রেসক্লাবই হয়ে ওঠে কলম যোদ্ধাদের যুদ্ধক্ষেত্র।’ কবি আসাদ চৌধুরী বলেন, ‘গত ৪০ বছরে আমাদের যে অর্জন তা নিঃসন্দেহে হতাশা এবং দুঃখজনক। আজও আমরা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারিনি।’প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালক ছিলেন জহিরুল আলম। এ ছাড়া সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, আমানুল্লাহ কবীর, রুহুল আমীন গাজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ বক্তৃতা করেন।