এ লেভেলের শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে আরিফা জামান ওরফে ইশিতা (১৮) নামের এ লেভেলের এক শিক্ষার্থী মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরিফার মামা আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, আরিফা পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের কাটাসুরে থাকতেন। গত বুধবার তাঁর এ লেভেলের পরীক্ষার ফলাফল দেওয়া হয়। আরিফা পরীক্ষায় অকৃতকার্য হন। এরপর থেকে তাঁর মন খারাপ ছিল। গতকাল ভোরে তাঁকে অচেতন অবস্থায় তাঁর কক্ষে পাওয়া যায়। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
আশিকুজ্জামান বলেন, সম্ভবত অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়েছিলেন আরিফা। তবে পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি আত্মহত্যা করলেন কি না, তা নিশ্চিত নন। তিন ভাইবোনের মধ্যে আরিফা বড়। গ্রামের বাড়ি খুলনায়।
এ ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা এ ধরনের কোনো খবর পাননি।