এ শিশুটি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হাসান
মেহেদী হাসান

মাত্র আট বছরের এক শিশু। নাম বলছে মেহেদী হাসান। বাসা ঢাকার কথা বললেও পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারছে না সে। আজ বুধবার ভোরে কিশোরগঞ্জের তাড়াইলে এসে একটি বাস থেকে নামে সে। পরে তাকে ঘিরে জটলা বেঁধে যায়। বর্তমানে শিশুটি আছে স্থানীয় এক চেয়ারম্যানের জিম্মায়।
স্থানীয় লোকজন বলেন, আজ ভোরে তাড়াইলের রাউতি ইউনিয়নের পুরুড়া চৌরাস্তা বাজারে বাস থেকে নামে শিশুটি। সারা দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। স্থানীয় দোকানদারেরা তাকে এটা-ওটা খাওয়ায়। পরে শিশুটিকে ঘিরে জটলা বেঁধে যায়।
আজ সন্ধ্যার দিকে জটলা সরিয়ে দেখা যায়, হাফ হাতা গেঞ্জি, হাফ প্যান্ট ও স্যান্ডেল পরা এক শিশুকে ঘিরে এ জটলার সৃষ্টি হয়েছে। জানতে চাইলে শিশুটি বাবার নাম জসিম ও মায়ের নাম আছমা জানায়। সে জানায়, তার বাবা ভ্যানচালক। ঢাকার কাজীপাড়ায় তার বাসা। তবে সে বাসার ঠিকানা বলতে পারছে না। অবশ্য শিশুটি কথা বলছে বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়।
সন্ধ্যা সাতটার দিকে রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ উদ্দিন পুরুড়া চৌরাস্তায় যান। তখন তাঁকে ওই শিশুটির ব্যাপারে অবহিত করা হয়। পরে তিনি শিশুটিকে নিজের জিম্মায় নেন।
শরীফ উদ্দিন বলেন, শিশুটির পরিবার ও ঠিকানা জানার চেষ্টা চলছে। কেউ জানতে পারলে তা তাঁকে জানানোর অনুরোধ করেন তিনি। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হলে পুলিশকে অবহিত করবেন তিনি।

শরীফ উদ্দিনের মুঠোফোন নম্বর-০১৭৫১-৫৮১৯৮১