এ সংসদেই ’৭২-এর সংবিধানে ফিরে যাব: সুরঞ্জিত
আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর ’৭২-এর সংবিধানে ফিরে যেতে আর কোনো আইনি বাধা নেই। এ সংসদেই আমরা ’৭২ সালের সংবিধানে ফিরে যাব।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এ সংসদেই আমরা ’৭২ সালের সংবিধানে ফিরে যাব। সকল নির্দেশ সরকার-বিরোধীদল, জনগণসহ সবাইকে মানতে হবে।’সুরঞ্জিতের বক্তব্যের পর স্পিকার বলেন, ‘আপনার বক্তব্যের ওপর আইনমন্ত্রী নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সুপ্রিম কোর্টের এ রায় কার্যকর করা সরকার, জনগণ, সরকারি দল ও বিরোধী দলসহ দেশের সবার দায়িত্ব রায়ের সব নির্দেশ আমাদের মানতে হবে।