এ সপ্তাহ ফাঁকাই থাকবে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার ছুটি ছিল শুক্র, শনি ও রোববার। এর সঙ্গে বাড়তি ছুটি নিয়ে যাঁরা ঢাকার বাইরে ঈদ করতে গিয়েছিলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত তাঁদের অনেকেই ঢাকায় ফিরেছেন। তবে ঢাকা এখনো জনবহুল ও যানজটের নগর হয়ে ওঠেনি। এ সপ্তাহ পুরোটাই ফাঁকা ফাঁকাই থাকবে ঢাকা।কমলাপুর স্টেশন থেকে গতকাল ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলেতে যাত্রী ছিল কম। অপরদিকে বাইরে থেকে ঢাকায় আসা ট্রেনগুলো ছিল যাত্রীতে পরিপূর্ণ। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতীতে গতকাল দুপুরে এসেছেন ব্যাংক কর্মকর্তা বরকতউল্লাহ। তিনি বললেন, তাঁর ধারণা ছিল যাওয়ার সময়ের মতো ঢাকায় ফিরে আসায় দুর্ভোগ হবে কম। কিন্তু সে ধারণার সঙ্গে বাস্তবতার মিল ছিল না। আসনবিহীন টিকিট সংগ্রহ করা যাত্রীদের ভিড়ে স্বস্তিতে ফেরা ছিল অসম্ভব। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব প্রভৃতি স্টেশন থেকে অনেক যাত্রী উঠেছেন, যাঁদের আসন ছিল না। ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আসা যাত্রী রেহানা সুলতানা বলেন, ২১ অক্টোবর তাঁর স্বামী ময়মনসিংহ স্টেশনে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তাঁর এবং দুই সন্তানের জন্য তিনটি টিকিট সংগ্রহ করেন। কিন্তু আসার সময় কয়েকজন যাত্রী ধমক দিয়ে তাঁর বাচ্চাদের সরিয়ে তাঁর দিকে ঠেলে দেন। প্রতিবাদ করলে তাঁরা দুর্ব্যবহার করেন। বাসযাত্রীদের অবশ্য ফিরে আসার অভিজ্ঞতা এমন করুণ ছিল না। সায়েদাবাদ বাস টার্মিনালে ‘স্টার লাইন’ পরিবহণে আসা যাত্রী আবদুস সামাদ জানান, ঈদের তিন দিন আগে তাঁর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়ে তিন ঘণ্টার পথ পাড়ি দেন ১১ ঘণ্টায়। গতকাল ফিরে এসেছেন সাড়ে তিন ঘণ্টায়। ঈদের ছুটির পর অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান গতকাল খুলেছে। তবে গতকালও মতিঝিল, পুরানাা পল্টন, তোপখানা রোড, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, গুলিস্তান, নবাবপুর রোড, সদরঘাট এলাকায় সহজেই চলাচল করতে পেরেছে যানবাহন ও পথচারী। পথচারীদের বলতে শোনা গেছে, যানজট আর জনজটের পরিচিত ঢাকা আগের চেহারায় ফিরে আসতে অন্তত আরও পাঁচটা দিন সময় লাগবে। গতকাল সচিবালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা ছিল আগের দিনের তুলনায় কিছু বেশি। তবে সচিবালয়ে দর্শনার্থীদের তেমন ভিড় ছিল না। বাণিজ্যিক অফিসগুলোতেও গতকাল কর্মরত ব্যক্তিদের আধিক্য ছিল আগের তুলনায় বেশি। তার পরও ঢাকা এখনো বেশ ফাঁকা ফাঁকাই।