ট্রেন থেকে নামার পর দুই রাজনৈতিক দলের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয় একটি শিশু। শিশুটি নিহত হয়েছে বলে নাটক সাজিয়ে হরতাল পালন করে সংঘর্ষে জড়িত এক পক্ষ। তখন প্রতিপক্ষ জানতে পারে শিশুটি জীবিত আছে। শিশুটিকে জীবিত আর মৃত প্রমাণ করতে শুরু হয় দুই পক্ষের সংঘাত। এরই বলি হয়ে একসময় মারা যায় শিশুটি। এভাবেই এগিয়ে যায় প্রতিপক্ষ নাটকের কাহিনি।
দেশের রাজনৈতিক ও সামাজিক সংঘাতের এমন দ্বন্দ্বময় কাহিনির নাটক অনুশীলন নাট্যদলের প্রতিপক্ষ। ভাষাশহীদদের স্মরণে গতকাল বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে নাটকটি মঞ্চায়িত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘অনুশীলন নাট্যদলের’ ৫২তম প্রযোজনা এটি। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক। এর আগে ৫ ফেব্রুয়ারি ঢাকার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিপক্ষ নাটকটি মঞ্চায়িত হয়।
অধ্যাপক মলয় ভৌমিক বলেন, ‘আমরা নাটকটিতে দুটি পক্ষের স্বার্থের দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়, তা তুলে ধরেছি। দুটি রাজনৈতিক পক্ষ অর্থাৎ এক পক্ষের সাথে অন্য পক্ষের দ্বন্দ্বের কারণে নাটকটির নাম প্রতিপক্ষ রাখা হয়েছে।’ তিনি আরও জানান, এটি অনুশীলন নাট্যদলের একটি পুরোনো প্রযোজনা, নতুন করে আবারও উপস্থাপন করা হলো। কারণ, এই নাটকের কাহিনি এখনো ততটাই গুরুত্ব বহন করে, ১০ আগেও যেমনটি করত।
নাটকটিতে অভিনয় করেছেন হাসি চক্রবর্তী, রিপন ঘোষ, রাইহান উদ্দিন, শাহরিয়ার তারেক রিয়াল, তানজিনা নাহার জুঁই, অর্ক, তৌহিদ নবীন, লেমন ও সাজেদুর রহমান।