এ সরকার ডিসেম্বরের পর না-ও থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের পর মহাজোট সরকার আর ক্ষমতায় না-ও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এ আশঙ্কার কথা বলেন। তিনি বলেন, ‘কেউ নিশ্চিত করে বলতে পারবে না, মিসরের মতো অবস্থা এখানে হবে না। সঠিক পদক্ষেপ না নিলে আগামী ডিসেম্বরের পর এ সরকার আর না-ও থাকতে পারে।’এ আশঙ্কার নেপথ্যে কোনো ইঙ্গিত আছে কি না, এ প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘এটা আমার ইনটিউশন (অন্তর্জ্ঞান) থেকে বলছি।’এলডিপির সভাপতি বলেন, সরকার ব্যর্থতার পাল্লা ভারী করে ফেলেছে। মানুষের দৃষ্টি ফেরাতে সরকার গত আড়াই বছরে অন্তত ১৫টি সমস্যা সৃষ্টি করেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাঁচার তাগিদে তারা রাস্তায় নেমে আসবে। তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সরকারি অবস্থানের তীব্র সমালোচনা করে বলেন, ‘যে কারণে আওয়ামী লীগ একসময় বিএনপিকে বিশ্বাস করেনি, একই কারণে এখন আমরাও আওয়ামী লীগকে বিশ্বাস করি না।’ প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।