
বর্তমান সরকারকে ‘অবৈধ সরকার’ আখ্যায়িত করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এমন সরকার দীর্ঘায়িত হওয়া খুবই বিপজ্জনক।’ নিজের ঘোষিত এ ‘অবৈধ সরকারের’ প্রতি আবার সংলাপ ও সমাঝোতার আহ্বানও জানিয়েছেন তিনি। একই সঙ্গে গণতন্ত্রের জন্য ‘শান্তিপূর্ণ আন্দোলন’ অব্যাহত রাখার ঘোষণাও দেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের নয় দিন পর গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে ১৮-দলীয় জোটের প্রধান খালেদা জিয়া এই আহ্বান ও ঘোষণা দেন। রাজধানীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপারসন দাবি করেন, বর্তমান সরকার বৈধ সরকার নয়। একটি অবৈধ সরকারের কোনো দায়িত্ববোধ থাকে না জনগণের প্রতি। এমন সরকার দীর্ঘায়িত হওয়া খুবই বিপজ্জনক। তিনি বলেন, ‘অনতিবিলম্বে এই বিপজ্জনক সরকারকে সরিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একটি জনগণের সরকার ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে পুনরায় সমঝোতা ও সংলাপের আহ্বান জানাচ্ছি।’
খালেদা জিয়া বলেন, ‘ক্ষমা, মহত্ত্ব, ঔদার্য, সংযম, যুক্তিবাদিতা ও সমঝোতার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। ...একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠার অপপ্রয়াসের কাছে আমাদের সে আহ্বান সাড়া জাগাতে পারেনি।’ তিনি বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র আরেকবার নিহত হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র এখন মৃত। তাই আবার নতুন করে শুরু হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম।
খালেদা জিয়া ২০ ও ২৯ জানুয়ারি দেশব্যাপী গণসমাবেশ এবং বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘প্রহসনের’ নির্বাচন বয়কট করায় দেশবাসীকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানাতে ২০ জানুয়ারি সারা দেশে বিভাগ, জেলা ও উপজেলা সদরে গণসমাবেশ ও শোভাযাত্রা এবং ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় সমাবেশ করা হবে। আর ‘জনগণের ভোটাধিকার হরণের’ প্রতিবাদে ২৯ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করা হবে।
আ.লীগই সব কূল হারিয়েছে: ‘নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া একূল-ওকূল দুই কূলই হারিয়েছেন’—প্রধানমন্ত্রীসহ সরকারি দলের নেতাদের এমন মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগই সব কূল হারিয়েছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি দাবি করেন, দেশের মানুষ প্রহসনের নির্বাচন বর্জন করে সরকারকে সম্পূর্ণ অবৈধ করে দিয়েছে। এখনকার সরকার অগণতান্ত্রিক, জনগণের অনুমোদনহীন এক অবৈধ সরকার। এটাই বিরোধী দলের আন্দোলনের ‘এক বিরাট সাফল্য’।
২০০ জনকে হত্যার অভিযোগ: বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারা দেশে প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। কেবল ৫ জানুয়ারিই অন্তত ২২ জন নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।
খালেদা জিয়া অভিযোগ করেন, গত পাঁচ বছরে দেশে প্রায় ২২ হাজার মানুষকে খুন করা হয়েছে। গুম করা হয়েছে কয়েক শ রাজনৈতিক নেতা-কর্মীকে। বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলায় আটক এবং রাজনৈতিক তৎপরতা কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের নামে শাসক দলের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের বাসস্থানে হামলা চালানো হচ্ছে। এখনো অনেককে গুম করা হচ্ছে। তিনি বলেন, ‘এত কিছু সত্ত্বেও আজ আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও কথা দিচ্ছি, আমরা কখনো আওয়ামী লীগের এসব অপকর্মের পুনরাবৃত্তি বা অনুসরণ করব না।’
দৃষ্টি ফেরাতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: খালেদা জিয়া দাবি করেন, প্রহসনের নির্বাচন থেকে জনগণ ও বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আক্রান্তদের বক্তব্য ও সংবাদমাধ্যমে প্রচারিত তথ্য থেকে জানা যাচ্ছে, শাসক দলের লোকজন এসব হামলায় জড়িত। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এ ব্যাপারে আগে থেকেই বারবার সতর্ক করে আসছিলাম। কিন্তু সরকারের ইঙ্গিতে প্রশাসনের নির্বিকার থাকায় অনেক নির্মম ও ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটে গেছে।’
খালেদা জিয়া সংখ্যালঘু-অধ্যুষিত প্রতিটি এলাকায় দলীয় নেতা-কর্মী ও নাগরিকদের এই ঘৃণ্য সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ও বিস্তার রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আ.লীগই জামায়াতকে সঙ্গে রেখেছিল: ‘সংলাপ চাইলে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে’—প্রধানমন্ত্রীর এই শর্ত সম্পর্কে জানতে চাইলে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগই সব সময় জামায়াতকে সঙ্গে রেখেছিল। তিনি বলেন, ‘আপনারা জানেন, ১৯৮৬ সালের নির্বাচনে কী হয়েছিল। তখন আমাদের মধ্যে চুক্তি হয়েছিল, ওই নির্বাচনে আমরা যাব না। কিন্তু রাতারাতি আওয়ামী লীগ সে চুক্তি ভঙ্গ করে জামায়াতকে সঙ্গে নিয়ে সে নির্বাচনে গিয়েছিল। এই যে তত্ত্বাবধায়ক সরকার, সেটার জন্য আন্দোলন করেছিল আওয়ামী লীগ। তার সঙ্গে ছিল জামায়াত ও জাতীয় পার্টি।’