এ সরকার 'বেলাজ, বেশরম': ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারকে ‘বেলাজ, বেশরম’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের অষ্টম কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

আলোচনা সভায় বাংলাদেশের ওপর প্রকাশিত আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের’ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের আইনের শাসনের সূচক অনেক পিছিয়েছে। তাতে বলা হয়েছে, দেওয়ানি বিচারব্যবস্থায় বিশ্বের ৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯২তম, সরকারের জবাবদিহির ক্ষেত্রে ৮০তম, দুর্নীতিতে ৯৫তম, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ৮৭তম। এ ছাড়া মানবাধিকার ও পুলিশি নির্যাতন বাংলাদেশের প্রধান সমস্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৫ জানুয়ারির নির্বাচনের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা একটি নির্বাচন করেছে। আমরা টেলিভিশনে দেখেছি, সে নির্বাচনে কুকুর ছাড়া কেউ যায়নি। এরপরও সে নির্বাচন নিয়ে তারা লাফালাফি করছে। জোর গলায় কথা বলছে যে, পাঁচ বছর থাকব।’ তিনি বলেন, ‘গোটা পৃথিবীর মানুষ বলছে, অতি দ্রুত নির্বাচন দাও। মানুষ উপজেলা নির্বাচনে বলে দিয়েছে, আওয়ামী বিদায় হও।’ আওয়ামী লীগকে বিদায় করার জন্য সবাইকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

‘তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত্ নেতা’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান যখন তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করা শুরু করলেন, তখন থেকেই তাঁর নামে কুত্সা ছড়ানো ও ষড়যন্ত্র শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অতি দ্রুত বাংলাদেশকে একটি মর্যাদার আসনে উপনীত করেছিলেন। যে অপশক্তি জিয়াউর রহমানকে হত্যা করে, সেই অপশক্তি তারেক রহমানকে কারাবন্দী করে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে করায়ত্ত করার জন্যই তারেক রহমানের ওপর নির্যাতন করা হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম বলেন, সামনে আন্দোলনের সময় আসছে। মধুর সম্ভাষণ করে শেখ হাসিনাকে সরানো যাবে না। তাঁকে সরানোর জন্য কঠোর কঠিন আন্দোলন করতে হবে। তিনি বলেন, ‘কোনো নাটকীয়তা বা হাততালির জন্য বলছি না। একজন শিক্ষক হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, খালেদা জিয়া আন্দোলনের ডাক দিলে লাঠি, কাঁদানে গ্যাস, গুলির মুখে আমি রাজপথে দাঁড়াব। আপনারা আমার সঙ্গে থাকবেন।’

বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরাম যৌথভাবে এ আলোচনার আয়োজন করে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।