এ সরকার 'বেলাজ বেশরম': ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ‘বেলাজ, বেশরম’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এদের চামড়া এত মোটা যে বিদেশি কোন সংস্থা কী বলল তাতে তাদের কী যায় আসে।
তারেক রহমানের অষ্টম কারাবন্দী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বাংলাদেশের ওপর প্রকাশিত আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের’ একটি প্রতিবেদনের উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম এ মন্তব্য করেন।
গতকাল প্রকাশিত ওই প্রতিবেদনের উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের আইনের শাসনের সূচক অনেক পিছিয়েছে। তাতে বলা হয়েছে, দেওয়ানি বিচারব্যবস্থায় বিশ্বের ৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯২তম, সরকারের জবাবদিহির ক্ষেত্রে ৮০তম, দুর্নীতিতে ৯৫তম, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ৮৭তম। এ ছাড়া মানবাধিকার ও পুলিশি নির্যাতন বাংলাদেশের প্রধান সমস্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরাম যৌথভাবে এ আলোচনার আয়োজন করে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।