এ সরকারের অধীনে নির্বাচনে যাবো না: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া, ফাইল ছবি
খালেদা জিয়া, ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
আজ রোববার ১৮ দলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাত সোয়া নয়টা থেকে রাত পৌনে ১১ টা পর্যন্ত বৈঠক হয়।
বৈঠকে সাত বিভাগীয় শহরে পর্যায়ক্রমে সভা সমাবেশের মাধ্যমে জোটের পক্ষ থেকে শো-ডাউন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজন নেতা প্রথম আলো ডটকমকে জানান, বৈঠকে আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে গ্রহণ করা সিদ্ধান্ত আগামীকাল দুপুর বারোটায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সূত্র জানায়, বৈঠকে বিএনপি চেয়ারপারসন বলেছেন, এই সরকারের অধীনে কোনো অবস্থাতেই তাঁরা নির্বাচন করবেন না। তিনি জোটের শরিক দলগুলোকে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে আহ্বান জানান।
সুত্রমতে বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৩১ আগস্ট পর্যন্ত বিএনপি তাদের নিজেদের মতো করে কয়েকটি বিক্ষোভ সমাবেশ করবে। আগামী মাস থেকে সাত বিভাগীয় শহরে জোটের পক্ষ থেকে সমাবেশ করা হবে। ঈদুল আজহার আগে ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সব বিভাগীয় শহরে সমাবেশ করা হবে। ঈদের পরে ঢাকা ও চট্টগ্রামে সমাবেশ করে ব্যাপক শো-ডাউন করা হবে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে জাগপা প্রধান শফিউল আলম প্রধান, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য আবদুল হালিম, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।