এ সরকারের অন্তর্বর্তীকালে নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন দৌলতখান) সাংসদ ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্বাচন হবে, এ সরকারের অন্তর্বর্তী সময়েই নির্বাচন হবে, এর কোনো পরিবর্তন হবে না। সারা পৃথিবীতে এ নিয়ম চলে আসছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক।’ ভোলা জেলা পরিষদ আয়োজিত ‘জেলা পরিষদের মাধ্যমে উন্নয়নমূলক কার্যক্রম’ বিষয়ক আলোচনা সভায় তিনি গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন। তোফায়েল আহমেদ আরও বলেন, ‘একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন উপহার দিতে পারে নিরপেক্ষ নির্বাচন কমিশনার। বাংলাদেশে সেটি আছে। বগুড়া-হবিগঞ্জ-চট্টগ্রাম-নারায়ণগঞ্জ-কুমিল্লার নির্বাচন তারই প্রমাণ। ভোলায় জোট সরকারের সময় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারেননি। কিন্তু আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা নিরপেক্ষ নির্বাচন করতে পারে। জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বত্তৃদ্ধতা করেন, জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌরসভার মেয়র মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো, ইউনুস, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, ইয়ানুর রহমান, লিয়াকত আলী প্রমুখ। সভায় সঞ্চালক ছিলেন ভোলা আবৃত্তি সংসদের সভাপতি ও প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সামসউল আলম। বক্তারা নদীভাঙন প্রতিরোধ, সুপেয় পানির ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার, কালভার্ট-সেতু নির্মাণ, স্থানীয় সরকার কাঠামোকে আরও শক্তিশালীসহ পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার ওপর মতামত ব্যক্ত করেন।