এ সরকারের আমলে সাংবাদিক নির্যাতিত বা নিহত হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। তাঁর জানা মতে, পেশাগত দায়িত্ব পালনকালে বর্তমান সরকারের আমলে কোনো সাংবাদিক সরকারের কোনো সংস্থার হাতে নির্যাতিত বা নিহত হননি।গতকাল রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান। বাজেট আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।সরকারি দলের সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে ১২টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো— ইনডিপেন্ডেন্ট টেলিভিশন, ৭১ টেলিভিশন, এটিএন নিউজ, মাছরাঙা কমিউনিকেশন লি., সময় টেলিভিশন, মাই টিভি, মোহনা টেলিভিশন লি., জিটিভি, বিজয় টিভি, চ্যানেল-৯, চ্যানেল টোয়েন্টি ফোর এবং এসএ চ্যানেল। তিনি জানান, নতুন বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়ার বিষয়টি পর্যায়ক্রমে বিবেচনা করা হচ্ছে।জাতীয় পার্টির নূর ই হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরের ১৫ জুন পর্যন্ত টেলিভিশন ও লাইসেন্স ফি বাবদ পাঁচ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকা আয় হয়েছে। বাংলাদেশ বেতার বিজ্ঞাপন বাবদ মে মাস পর্যন্ত ছয় কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব আয় করেছে।