বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘যুদ্ধ করেই এ দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি, প্রয়োজনে আবার যুদ্ধ করেই এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করব। স্বাধীন বাংলাদেশে কোনো রাজাকারের স্থান নেই, তাই এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবে।’গতকাল সোমবার সিলেটের জাফলং গ্রিনপার্ক ডাকবাংলোয় অবস্থানকালে গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে সৈয়দ আয়মন আকবর, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ, বিজিবি-৪১ সিলেটের অধিনায়ক মো. সাইফ প্রমুখ।সাজেদা চৌধুরী বিএনপিসহ চারদলীয় জোটের সমালোচনা করে বলেন, ‘এ দেশে যতবার ভোট কারচুপি হয়নি, ততবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এবারও ভোট কারচুপি না হলে অবশ্যই আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে।’সৈয়দা সাজেদা চৌধুরী জাফলংয়ের বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ি, তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্র ও জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন। বিকেলে সাজেদা চৌধুরী স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দলীয় কার্যক্রম জোরদারসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।