জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। এ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হলে ধর্ম উঠে যাবে। জনগণের দুর্ভোগ তো বাড়বেই।’গতকাল শনিবার বিকেলে পুরানা পল্টনে জামায়াতের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম এ কথা বলেন। হরতালের সময় পুলিশের নির্যাতনের প্রতিবাদ ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ ডাকা হয়।এ টি এম আজহার সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দিয়ে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ ফিরিয়ে আনার সমালোচনা করেন। মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের আদর্শ থাকলেও পঁচাত্তরের পটপরিবর্তনের পর সংবিধানের মূলনীতি বদলে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ যোগ করা হয়েছিল।জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ‘আল্লাহকে যাঁরা বিশ্বাস করেন, রাজপথে তাঁদের মিছিল করতে দেওয়া হয় না। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মিছিল করতে পারে। সমাজতন্ত্রে বিশ্বাসীদের মিছিল করতে দেওয়া হয়। এর নাম ধর্মনিরপেক্ষতা।’হরতালের সময় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন আজহার। তিনি বলেন, ‘এই ঘা সহজে শুকাবে না। শুকানোর ব্যবস্থা করুন। নইলে জনগণ শুকানোর ব্যবস্থা করবে।’দলের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রচার সেক্রেটারি তাসনীম আলম, মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল প্রমুখ বক্তব্য দেন।