এ সরকারের দুর্নীতি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার যে দুর্নীতিবাজ তা শুধু দেশ নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। এখনো পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়নি, তার আগেই কানাডায় এ-সংক্রান্ত দুর্নীতির তদন্ত শুরু হয়ে গেছে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির তৃতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা ও ‘শাবাশ তারেক রহমান’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে ‘বাঁচাও বাংলাদেশ, বাঁচাও তারেক রহমান’ নামের একটি সংগঠন।মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, এ সরকার বুঝে গেছে, তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই। এ কারণে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান তথা বিএনপিকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করতে চাইছে। খালেদা জিয়া ও তারেক রহমান যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খালেদা জিয়া, তারেক তথা বিএনপিকে ছাড়া নির্বাচন করলে সে সংসদ ১৬ দিনও টিকবে না। মহাজোট সরকারকে ব্যর্থ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সব মানুষের জীবন বিপন্ন। প্রধানমন্ত্রী দেশকে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঠেলে দিচ্ছেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ক্ষমতায় এসে তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন সংশোধন করেছে, এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা কমিয়ে দিয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, ‘জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক।’জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সদরুল আমীন, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম, বিএনপির সাংসদ মাহবুব উদ্দীন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।