এ সরকারের মেয়াদে ৩৪৫ জন ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের মেয়াদে সচিব থেকে সহকারী সচিব পর্যায়ের মোট ৩৪৫ জন কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। জাতীয় সংসদে গতকাল সোমবার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদকাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বেনজীর আহমদের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ আরও বলেন, ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সচিব পদের সাতজন, অতিরিক্ত সচিব ৪০, যুগ্মসচিব ৯৯, উপসচিব ১২৩, সিনিয়র সহকারী সচিব ৬৭ এবং সহকারী সচিব নয়জন। অন্যদিকে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোট ৪১০ জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। তাঁদের মধ্যে সচিব ১৭ জন, অতিরিক্ত সচিব ৪০, যুগ্মসচিব ৬০, উপসচিব ১৩৬, সিনিয়র সহকারী সচিব ৭৪ এবং সহকারী সচিব ৮৩ জন। তিনি বলেন, ওএসডি কর্মকর্তাদের বেতন-ভাতা বাবদ কত টাকা ব্যয় হয়, সে তথ্য দেওয়া সময়সাপেক্ষ।
অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সরকারি পদের সংখ্যা ১৪ লাখ পাঁচ হাজার ৫২৪টি। এর মধ্যে দুই লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ শূন্য রয়েছে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দলিল নিবন্ধন পদ্ধতি ডিজিটাল করার জন্য সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চলতি বছরেই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, ২০১৩ সালের আগস্ট পর্যন্ত ২৫ জেলায় তিন লাখ ৮৪ হাজার জেলের অনুমোদিত তালিকা হয়েছে। এর মধ্যে এক লাখ জেলের ছবি তোলা শেষ হয়েছে। এক লাখ ৫০ হাজার জেলের ডেটাবেজ তৈরি হয়েছে। পরিচয়পত্র তৈরির কাজ চলমান আছে।